এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ পিএম

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী লাইবা খান কিছুদিন আগে গোপনে বিয়ে করেছিলেন। বিয়ের খবরটা তিনি সোশ্যাল মিডিয়ায় জানালেও, রহস্য রেখে দিয়েছিলেন স্বামীর পরিচয় নিয়ে। স্বামীর কোনও ছবিই তিনি প্রকাশ করেননি তখন। কিন্তু নেটিজেনদের অবিরাম সমালোচনা ও চাপের মুখে শেষ পর্যন্ত সেই রহস্যের পর্দা তুলে দিলেন তিনি। এবার সবাইকে স্বামীর মুখ দেখিয়ে দিলেন লাইবা।
লাইবা খান সম্প্রতি সৌদি আরবের মদিনায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই সুখবরটা তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। কিন্তু কৌতূহলী ভক্ত ও নেটিজেনরা লক্ষ্য করেন, বিয়ের সব ছবিতেই স্বামীর মুখ যেন ইচ্ছেকরেই আড়াল করে রাখা হয়েছে। এই অজানা রহস্য নিয়ে শুরু হয় নানা প্রশ্ন, কটাক্ষ আর তীব্র সমালোচনা।
এই সমালোচনার জবাব দিতেই এবার ইনস্টাগ্রামে স্বামীর স্পষ্ট ছবি পোস্ট করলেন লাইবা খান। গণমাধ্যমের খবর অনুযায়ী, বিয়ের দলিল থেকে জানা গিয়েছিল তার স্বামীর নাম জাওয়াদ আলি। এবার তিনি সেই জাওয়াদ আলিরই বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন, যেগুলো তাদের প্রাক-বিবাহ অনুষ্ঠান 'মায়ুন'-এর।
ছবিগুলোতে লাইবা খানকে দেখা যায় সোনালি টিলা ও উজ্জ্বল কমলা রঙের ঐতিহ্যবাহী পোশাক 'পিশওয়াজ'-এ, আর তার স্বামী জাওয়াদ আলিকে দেখা যায় মার্জিত সাদা কুর্তা ও ম্যাচিং কোট পরে। প্রাকৃতিক সূর্যালোকে তোলা ছবিগুলোতে দুজনকেই অত্যন্ত প্রাণবন্ত ও সুখী দেখা যাচ্ছে।
স্বামীর ছবি শেয়ার করে লাইবা খান মজার সুরে ক্যাপশন দিয়েছেন, "এবার খুশি হও, সবাই মাশআল্লাহ বলো।" তার এই পোস্টের পর থেকে ভক্ত ও অনুসারীরা ছুটছে তার প্রোফাইলে, যেখানে তারা দম্পতির জন্য অজস্র শুভকামনা ও অভিনন্দন বার্তা রেখে চলেছেন। শেষ পর্যন্ত সব সমালোচনার অবসান ঘটিয়ে নিজের সুখ ভাগ করে নিলেন লাইবা খান।