ঢাকা, রবিবার, ফেব্রুয়ারী ৮, ২০২৬ | ২৬ মাঘ ১৪৩২
Logo
logo

আমির-অরিজিতের রাতের 'অ্যাডভেঞ্চার'! অনুমতি ছাড়া সরকারি কলেজে ঢুকে ব্যাডমিন্টন ও শ্যুটিং, ভাইরাল ভিডিও নিয়ে বিতর্ক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ পিএম

আমির-অরিজিতের রাতের 'অ্যাডভেঞ্চার'! অনুমতি ছাড়া সরকারি কলেজে ঢুকে ব্যাডমিন্টন ও শ্যুটিং, ভাইরাল ভিডিও নিয়ে বিতর্ক

বলিউডের পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান এবং জনপ্রিয় প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং এবার জড়িয়েছেন এক অপ্রত্যাশিত বিতর্কে। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিৎ সিংএর বাড়ি বেড়াতে গিয়েছিলেন আমির খান। কিন্তু তাদের সেই সফর এখন আলোচনার কারণ এক রহস্যময় রাতের ঘটনা। গত ৪ ফেব্রুয়ারি দিবাগত রাত একটার পর তারা প্রায় ২০ জনের একটি দল নিয়ে স্থানীয় একটি সরকারি কলেজে প্রবেশ করেন, যার জন্য কলেজ কর্তৃপক্ষের কোনো অনুমতি ছিল না!

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ওই রাতে আমির ও অরিজিৎ তাদের সঙ্গীদের নিয়ে প্রায় ১০টি মোটরসাইকেল নিয়ে রানী ধন্যা কুমারী সরকারি কলেজে ঢুকে পড়েন। সেখানে তারা প্রায় একঘন্টা বিশ মিনিট সময় কাটান। এই সময়ে তারা কলেজের ইনডোর গেমস হলে গিয়ে ব্যাডমিন্টন খেলেন এবং কিছু ভিডিও শুটিংও করেন বলে জানা গেছে। শেষে রাত ২টা ২৫ মিনিটে তারা কলেজ চত্বর ত্যাগ করেন।

এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ওই কলেজের অধ্যক্ষ অজয় অধিকারী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কলেজের সিসিটিভি ফুটেজ শেয়ার করে এই ঘটনার তীব্র নিন্দা জানান। তার অভিযোগ, আমির ও অরিজিৎ স্থানীয় নিরাপত্তা প্রহরীকে প্রভাবিত করে এবং কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে পড়েন। তিনি প্রশ্ন তোলেন, "বিখ্যাত ব্যক্তিত্ব বলেই কি তারা যা খুশি তাই করতে পারেন? একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কি তাদের কাছে এতই তুচ্ছ?"

অধ্যক্ষ অধিকারীর আরও দাবি, বাণিজ্যিক উদ্দেশ্যেই তারা রাতের অন্ধকারে কলেজ চত্বর ব্যবহার করেছেন, যা সম্পূর্ণ অবৈধ। তবে মজার ব্যাপার হলো, সিসিটিভি ফুটেজসহ তার করা দুটি পোস্ট কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে গেলেও, পরবর্তীতে তিনি সেগুলো মুছে ফেলেন। নতুন একটি পোস্টে তিনি জানান, "কোনো এক মহলের চাপ ও অনুরোধে" তিনি বাধ্য হয়ে পোস্টগুলো ডিলিট করতে বাধ্য হন। কারা বা কোন মহল এই চাপ দিয়েছে, সে বিষয়ে তিনি কিছুই বলেননি।

অরিজিৎ সিংয়ের নিজের গ্রামের বাড়ি জিয়াগঞ্জেই। সেখানে তিনি আমির খানকে নিয়ে ঘুড়ি ওড়ানো, আড্ডা দেওয়ার মতো নানা ইভেন্টের ছবি শেয়ার করেছিলেন, যা ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। কিন্তু সরকারি কলেজে এই রাতের 'অ্যাডভেঞ্চার' স্থানীয় একাংশের মানুষের মধ্যে বেশ ক্ষোভ সৃষ্টি করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত আমির খান বা অরিজিৎ সিংয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা বক্তব্য আসেনি।