ঢাকা, শুক্রবার, মার্চ ১৩, ২০২৬ | ২৮ ফাল্গুন ১৪৩২
Logo
logo

দুপুরের নির্মল স্কুল হঠাৎ যেন যুদ্ধক্ষেত্র! কানাডার টাম্বলার রিজে ভয়াবহ গুলিবর্ষণ, শিক্ষার্থীসহ নিহত ১০, আতঙ্কে স্তব্ধ গোটা শহর


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:০২ পিএম

দুপুরের নির্মল স্কুল হঠাৎ যেন যুদ্ধক্ষেত্র! কানাডার টাম্বলার রিজে ভয়াবহ গুলিবর্ষণ, শিক্ষার্থীসহ নিহত ১০, আতঙ্কে স্তব্ধ গোটা শহর

সবাই ভেবেছিল স্কুলের দুপুর বিরতি, পড়ুয়াদের হৈ-হুল্লোড়ে ভরা সময়। কিন্তু কে জানত, এই সময়টাই হয়ে উঠবে মৃত্যুর মিছিলের সাক্ষী! কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যের টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে মঙ্গলবার দুপুরে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় বন্দুকধারীসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন। রক্তাক্ত এই তাণ্ডবে পুরো এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া।

স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে হঠাৎই থমকে যায় স্বাভাবিক জীবন। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, স্কুলে ‘অ্যাকটিভ শ্যুটার’ বা সক্রিয় বন্দুকধারীর খবর পেয়ে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ছুটে যায় আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে।

পুলিশ স্কুলের ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। পরে স্কুলের পাশের একটি বাড়ি থেকে আরও দু’জনের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ওই বাড়ির ঘটনাও স্কুল হামলার সঙ্গেই সম্পর্কিত। আর হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে ঘটনাস্থলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

কানাডিয়ান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মোবাইলে পাঠানো সতর্কবার্তায় সন্দেহভাজন হামলাকারীকে বাদামি চুল ও নির্দিষ্ট পোশাক পরা এক নারী হিসেবে বর্ণনা করা হয়। তবে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি। নিহতদের মধ্যে কতজন শিক্ষার্থী, তাও এখনো জানায়নি তারা।

গুলিবর্ষণে দুজনকে গুরুতর আহত অবস্থায় এয়ারলিফট করে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া প্রায় ২৫ জন স্থানীয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। হতাহতদের তালিকা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

ঘটনার পরপরই টাম্বলার রিজ এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান এবং দরজা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পরে স্কুলে তল্লাশি শেষে পুলিশ জানায়, আর কোনো সন্দেহভাজন নেই এবং জনসাধারণের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই। তাতেই আপাতত স্বস্তি মিলেছে এলাকাবাসীর মনে।

স্থানীয় স্কুল জেলা কর্তৃপক্ষ জানিয়েছে, মর্মান্তিক এই ঘটনার পর টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল ও টাম্বলার রিজ এলিমেন্টারি স্কুল সপ্তাহের বাকি সময় বন্ধ থাকবে। শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মানসিক সহায়তার ব্যবস্থাও করা হচ্ছে।

ব্রিটিশ কলাম্বিয়ার জননিরাপত্তা ও সলিসিটর জেনারেল নিনা ক্রিগার এক বিবৃতিতে বলেন, “আজকের মর্মান্তিক ঘটনা পুরো সম্প্রদায় ও রাজ্যকে নাড়া দিয়েছে। ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

কানাডার ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ স্কুল গুলিবর্ষণের ঘটনা। শোকস্তব্ধ টাম্বলার রিজের আকাশে আজ শুধু কান্নার রোল। আর কিছু প্রশ্ন—কবে থামবে এই বন্দুক সংস্কৃতি?