ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ১৮, ২০২৬ | ৬ ফাল্গুন ১৪৩২
Logo
logo

ভালোবাসা দিবসে 'ব্যাচেলর' সালমানের রোমান্টিক চমক! কে এই নায়িকা?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ পিএম

ভালোবাসা দিবসে 'ব্যাচেলর' সালমানের রোমান্টিক চমক! কে এই নায়িকা?

বলিউডের ভাইজান খ্যাত সালমান খান এখনও অবধি চিরকুমার। ৬০ পেরিয়েও তিনি সমান গ্ল্যামারাস। জীবনে একাধিকবার প্রেম এলেও বিয়ের পিঁড়িতে আর পা দেওয়া হয়নি তার। শনিবার ভালোবাসা দিবসে অবশ্য এক নতুন রূপে ধরা দিলেন তিনি।

মুম্বই: বলিউডের 'মোস্ট এলিজিবল ব্যাচেলর'-এর কপালে বিয়ের প্রস্তাবের কমতি নেই। তার পরেও কেন যে বিয়েটা আর হয়ে ওঠে না, সেটা রহস্যই থেকে যায়। তবে ভালোবাসা দিবসে 'ব্যাচেলর' সালমান খানের দেওয়া এক চমক এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।

ভালোবাসা দিবস উপলক্ষ্যে সালমান খান তার আসন্ন সিনেমা 'ব্যাটেল অব গালওয়ান'-এর নতুন গান 'ম্যায় হুঁ' প্রকাশ করেছেন। আর এই গানের একটি দৃশ্যে দেখা গেল, অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে এক চাদরে রোম্যান্সে ভাসছেন ভাইজান। ভক্ত-অনুরাগীরা বলছেন, এই রোম্যান্সে আমির-শাহরুখকেও টেক্কা দিয়েছেন সালমান!

ভালোবাসা দিবসে সোশ্যাল মিডিয়ায় সালমান খানের শুভেচ্ছা পোস্টের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল— কে তার 'ভ্যালেন্টাইন'? চর্চিত বান্ধবী ইউলিয়া ভান্তুরকে ছেড়ে অন্য নায়িকার বাহুডোরে ধরা দিলেন ভাইজান। আর সেই প্রেমমাখা ভিডিও সামনে আসতেই হইচই ফেলে দিয়েছেন অনুরাগীরা।

'ব্যাটেল অব গালওয়ান' সিনেমায় সালমান খানকে দেখা যাবে কর্নেল বিকুমল্লা সন্তোষের ভূমিকায়। জওয়ান বলে কি সংসার-প্রেয়সী বিরাগী হতে হবে? তা মোটেই নয়; গানে গানে সেটাই ফুটিয়ে তুলেছেন তিনি। সালমান খান জানান, এই প্রেমদিবসে 'ম্যায় হুঁ' গানের মাধ্যমেই ভালোবাসার জোয়ারে ভেসে যান আর তাতেই ভক্ত-অনুরাগীরা তাকে রোমান্টিক অবতারে দেখে উচ্ছ্বসিত।

এর আগে গত ডিসেম্বরে 'ব্যাটেল অব গালওয়ান' সিনেমার টিজার শেয়ার করে চমক দিয়েছিলেন সালমান। সেখানে শুরু হয় বিরসা মুণ্ডার জয়গান গেয়ে। তারপর বজরংবলী, দেশমাতৃকার জয়ধ্বনি দিয়ে সেনাবাহিনী নিয়ে 'কর্নেল বিকুমল্লা'রূপী সালমান আছড়ে পড়েন লাদাখ উপত্যকার চীন সীমান্তে। যেখানে এক গাছের গুঁড়ি হাতেই শয়ে শয়ে শত্রু নিধন করতে দেখা যায় ভাইজানকে! পরনে জওয়ানের উর্দি, চোখে প্রতিশোধের আগুন। দীর্ঘদিন পর 'দাবাং' অবতারে বলিউড সুপারস্টারকে দেখে উচ্ছ্বসিত ছিলেন অনুরাগীরা। এবার ভালোবাসা দিবসে রোমান্টিক অবতারে ধরা দিলেন তিনি।