ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬ | ১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

মন্ত্রিসভায় বড় চমক! ২৫ মন্ত্রী, ৪৯ প্রতিমন্ত্রী—কিন্তু নেই একটিও উপমন্ত্রী এবার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০২ পিএম

মন্ত্রিসভায় বড় চমক! ২৫ মন্ত্রী, ৪৯ প্রতিমন্ত্রী—কিন্তু নেই একটিও উপমন্ত্রী এবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শপথের আনুষ্ঠানিকতা শেষ। গঠিত হয়েছে নতুন সংসদ ও মন্ত্রিসভা। আর সেখানেই বড় এক চমক—এই মন্ত্রিসভায় নেই কোনো উপমন্ত্রী।

তারেক রহমান-এর নেতৃত্বাধীন এই মন্ত্রিপরিষদে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ২৫ জন। এছাড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ৪৯ জন। তবে কাউকেই উপমন্ত্রী করা হয়নি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রীরা। শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নতুন সরকারের পথচলা।

আগের সরকারগুলোতে কী ছিল চিত্র?

২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছিল বিএনপি নেতৃত্বাধীন জোট। তখন খালেদা জিয়া-র নেতৃত্বে গঠিত সরকারে তিনজন উপমন্ত্রী ছিলেন।

২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গঠিত হলে সেখানে দুজন উপমন্ত্রী নিয়োগ পান।

তবে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত আওয়ামী লীগ সরকারে কোনো উপমন্ত্রী ছিলেন না।

আবার ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত আওয়ামী লীগ সরকারে একজন উপমন্ত্রী দায়িত্ব পান। কিন্তু ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর টানা চতুর্থ দফায় আওয়ামী লীগ সরকার গঠন করলেও কাউকে উপমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়নি।

সেই ধারাবাহিকতা বজায় থাকল

ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায়ও উপমন্ত্রী না রাখার সিদ্ধান্তে সেই সাম্প্রতিক ধারাবাহিকতাই বজায় থাকল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এতে প্রশাসনিক কাঠামো কিছুটা সংক্ষিপ্ত ও সরল রাখা হলো।

এখন দেখার বিষয়—পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়েই গঠিত এই বড় মন্ত্রিসভা কতটা কার্যকরভাবে কাজ এগিয়ে নিতে পারে।