ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬ | ১৯ চৈত্র ১৪৩২
Logo
logo

ইমরান খানের জীবন বিপদে? সৌরভ-আজহারের তোপে পাক সরকার, ক্রিকেট দুনিয়া উদ্বিগ্ন!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০২ পিএম

ইমরান খানের জীবন বিপদে? সৌরভ-আজহারের তোপে পাক সরকার, ক্রিকেট দুনিয়া উদ্বিগ্ন!

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে এবার সরব হয়ে উঠলেন ভারতের দুই প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহম্মদ আজহারউদ্দিন। জেলে থাকা ইমরানের যথাযথ চিকিৎসার দাবিতে পাকিস্তান সরকারকে চিঠি দিয়েছিলেন ১৪ জন বিশ্বখ্যাত ক্রিকেটার। এবার সেই তালিকায় যোগ হলো আরও দুই বড় নাম!

গত কয়েকদিন ধরে খবর ছড়াচ্ছে—জেলে অসুস্থ হয়ে পড়েছেন ইমরান খান। এমনকি পরিবারকে না জানিয়ে গোপনে তাঁকে হাসপাতালে নেওয়ার পরিকল্পনা চলছে বলেও শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন, তাঁর দৃষ্টিশক্তির প্রায় ৮৫ শতাংশ চলে গেছে। ইমরানের শারীরিক অবস্থা আসলে কতটা খারাপ, সেটা নিয়ে পাক সরকার একদম চুপ। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দাবি করছে, কাপ্তানের জীবন এখন ঝুঁকির মুখে।

এই পরিস্থিতিতে ১৪ জন প্রাক্তন ক্রিকেট অধিনায়কের চিঠির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজ বলেন, “এটা খুবই ভালো উদ্যোগ। ইমরান খান পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটে পাকিস্তানকে নতুন করে চেনালেন তিনি। ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ের পেছনে তাঁর ভূমিকা ছিল অসাধারণ। সেই কারণে তাঁর প্রাপ্য আরও বেশি সম্মান আর সঠিক ব্যবহার। দ্রুত সুস্থ হয়ে উঠুন ইমরান।”

তিনি আরও যোগ করেন, “রাজনীতিতে এলে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়। তিনি এখন কী অবস্থায় আছেন, আমি ঠিক জানি না। কিন্তু পাকিস্তান সরকার ও প্রধানমন্ত্রীর প্রতি সম্মান রেখেই বলছি—আশা করি তাঁর যথাযথ খেয়াল রাখা হবে এবং সঠিক চিকিৎসা দেওয়া হবে।”
অন্যদিকে মহম্মদ আজহারউদ্দিন এক্স-এ পোস্ট করে লিখেছেন, “ইমরান ভাইয়ের খবর শুনে খুব মন খারাপ হয়েছে। ক্রিকেটে তিনি আমাদের অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। তাঁর সঙ্গে একই মাঠে খেলার সুযোগ পেয়েছি। ক্রিকেটার হিসেবে তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। আন্তরিক অনুরোধ—তাঁর সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করা হোক। ইমরানের সুস্বাস্থ্য আর তাঁর পরিবারের জন্য শক্তি প্রার্থনা করছি।”

উল্লেখ্য, ইমরান খানের পাশে দাঁড়িয়ে পাঁচটি দেশের ১৪ জন প্রাক্তন অধিনায়ক যৌথ চিঠি লিখেছেন পাকিস্তান সরকারকে। সুনীল গাভাসকর, কপিল দেব ছাড়াও সই করেছেন মাইকেল আথারটন, অ্যালান বর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেন, ক্লাইভ লয়েড, স্টিভ ওয়া, জন রাইটের মতো কিংবদন্তিরা। এই পরিস্থিতিতে সৌরভ ও আজহারের মন্তব্যও ক্রিকেট দুনিয়ায় বেশ আলোড়ন তুলেছে।