ঢাকা, শুক্রবার, মার্চ ১৩, ২০২৬ | ২৯ ফাল্গুন ১৪৩২
Logo
logo

চার দশক পর রজনীকান্ত-কমল হাসান একসঙ্গে! প্রোমোতে রহস্য-রসিকতার ঝড় উঠেছে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:০২ পিএম

চার দশক পর রজনীকান্ত-কমল হাসান একসঙ্গে! প্রোমোতে রহস্য-রসিকতার ঝড় উঠেছে

তামিল সিনেমার দুই কিংবদন্তি রজনীকান্ত আর কমল হাসানের নাম শুনলেই দর্শকদের মনে উত্তেজনা ছড়ায়। দশকের পর দশক ধরে তারা রুপালি পর্দায় দর্শকদের মাতিয়ে এসেছেন। বয়স বাড়লেও তাদের জনপ্রিয়তা কমেনি একটুও। অনেকদিন ধরে দুজনকে এক সিনেমায় দেখা যায়নি, কিন্তু এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। পরিচালক নেলসন দীলিপ কুমার চার দশকেরও বেশি সময় পর এই দুই মহাতারকাকে একসঙ্গে বড় পর্দায় ফিরিয়ে আনছেন। ভারতীয় সিনেমার জন্য এটা সত্যিই একটা ঐতিহাসিক মুহূর্ত।

২০২৩ সালে রজনীকান্ত অভিনীত হিট ছবি ‘জেলার’-এর নির্মাতা নেলসনই এই নতুন প্রজেক্টের পরিচালক। ছবির প্রাথমিক নাম রাখা হয়েছে ‘কেএইচ অ্যান্ড আরকে’। নাম শুনলেই বোঝা যায়—এতে দুই তারকার সমান গুরুত্ব থাকবে। সম্প্রতি প্রকাশিত প্রোমোতেই তার ইঙ্গিত মিলেছে।
প্রোমোতে রসিকতা, খুনসুটি আর স্টাইলের মিশেল দেখা যায়। স্টাইলিশ লুকে পাশাপাশি হাঁটছেন রজনীকান্ত ও কমল হাসান। তারা একটা গ্যারেজের দিকে এগিয়ে যান, তারপর একই গাড়িতে বসেন। পেছনের সিটে পরিচালক নেলসন আর সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর।

নতুন গানের ঝলক শোনাতে চাইলে কমল হাসান গম্ভীর স্বরে প্রশ্ন করেন, “ওসব পরে শুনব, আগে বলো—এই সিনেমায় নায়ক কে?” রজনীকান্তও ঠিক একই প্রশ্ন ছুড়ে দেন। কিন্তু পরিচালক কোনো উত্তর দেন না। রহস্য আর মজার এই টানাপোড়েনেই শেষ হয় প্রোমো।
রজনীকান্ত ও কমল হাসানকে একত্রিত করার খবর প্রযোজনা প্রতিষ্ঠান রেড জায়ান্ট মুভিজও বিবৃতিতে নিশ্চিত করেছে। প্রোমো প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়ছেন।

উল্লেখ্য, রজনীকান্ত ও কমল হাসানের ক্যারিয়ারই বেশ লম্বা ও সমৃদ্ধ। সত্তর ও আশির দশকে তারা একসঙ্গে একাধিক তামিল ছবিতে কাজ করেছেন—যেমন ‘অপূর্ব রাগাঙ্গাল’, ‘মুন্দ্রু মুদিচু’ আর ‘আভারগাল’। ১৯৭৯ সালের ‘আলাউদ্দিনাম আলভুথা ভিলাক্কুম’ ছিল তাদের শেষ যৌথ ফ্যান্টাসি ছবি। সেই ছবিতে দুই তারকাই মুখ্য ভূমিকায় ছিলেন।