এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০২ পিএম

চেন্নাই: ভালোবাসা যেমন আছে, ট্রলের কাঁটাও তো আছে! দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোতা পাখির মতো কথাবার্তা কম হয় না। সম্প্রতি ইনস্টাগ্রামে এক 'আস্ক মি এনিথিং' সেশনে ভক্তদের সঙ্গে গল্পে মেতে উঠেছিলেন তিনি। আর সেখানেই ট্রলারদের মুখের ওপর চপটাঘাত করে বসলেন এই 'পুষ্পা' খ্যাত নায়িকা।
এক ভক্ত জানতে চান, সোশ্যাল মিডিয়ায় ভালো আর খারাপ মন্তব্য দেখে তাঁর কেমন লাগে? জবাবে সামান্থা যা বললেন, তাতে হাততালি না দিয়ে পারেন না। তিনি বলেন, 'প্রশংসা কিংবা ট্রল কোনোটাই আমাকে নাড়া দেয় না। কিন্তু যদি তুমি আমার ঘরে নেতিবাচকতা নিয়ে আসো, তাহলে আমি ব্লক বাটন চেপে দেব। যেমন আমি আমার ব্যক্তিগত পরিসর পরিষ্কার রাখি, তেমনই এই পেজটাও পরিষ্কার রাখি। ব্লক খাওয়ার মানে এই না যে তুমি আমাকে আঘাত করেছ। বরং তার মানে, এখানে তোমাকে স্বাগত জানানো যাচ্ছে না।'
সামান্থার জীবনে সহজ পথ ছিল না। নাগা চৈতন্যর সঙ্গে সংসার ভাঙার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তার ওপর অসুস্থতাও এসে ভর করেছিল। তবে সব বাধা পেরিয়ে আবারও জীবনে নতুন সুর বাঁধছেন তিনি। গত ১ ডিসেম্বর দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসেছেন। বর তেলেগু ইন্ডাস্ট্রির পরিচিত মুখ, পরিচালক রাজ নিদিমোরু। এই জুটি এখন সময় কাটাচ্ছেন দারুণভাবে।
পর্দায়ও ব্যস্ততা কম নয় সামান্থার। 'মা ইন্তি বাঙ্গারাম' নামের নতুন তেলেগু সিনেমায় দেখা যাবে তাকে। নন্দিনী রেড্ডির পরিচালনায় এই সিনেমায় সামান্থা দুই চেহারায় হাজির হবেন। একদিকে তিনি অ্যাকশন হিরোইন, অন্যদিকে গৃহবধূ। ইতিমধ্যে প্রকাশিত টিজারে দেখা গেছে, শাড়ি পরে দুষ্কৃতীদের লন্ডভন্ড করে দিচ্ছেন তিনি। সব ঠিক থাকলে আগামী ১৫ মে বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি।
তবে দর্শকদের মধ্যে আগ্রহের পারদ চড়ছে ট্রলারদের দেওয়া সামান্থার এই 'ব্লক ওয়ার্নিং' নিয়ে। সামান্থা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাইবার বুলিদের জন্য তাঁর ঘরে জায়গা নেই।