ঢাকা, বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ | ১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

বড় চমক ইউরোপে! স্প্যানিশ ক্লাবের ২৫ শতাংশ মালিক এখন ক্রিশ্চিয়ানো রোনালদো


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:০২ পিএম

বড় চমক ইউরোপে! স্প্যানিশ ক্লাবের ২৫ শতাংশ মালিক এখন ক্রিশ্চিয়ানো রোনালদো

ফুটবল মাঠে তারকা, এবার মাঠের বাইরেও নতুন ভূমিকায় ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব ইউনিয়ন দেপোর্তিভা আলমেরিয়া-র ২৫ শতাংশ শেয়ার কিনেছেন তিনি। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আলমেরিয়া কর্তৃপক্ষ এবং রোনালদোকে স্বাগত জানিয়েছে ক্লাবটি।

বর্তমানে সৌদি ক্লাব আল-নাসর-এর হয়ে খেলছেন রোনালদো। তবে এবার বিনিয়োগের মাধ্যমে স্প্যানিশ ফুটবলে নতুন অধ্যায় শুরু করলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোনালদো বলেন, মাঠের বাইরে থেকেও ফুটবলে অবদান রাখার ইচ্ছে তার অনেক দিনের। আলমেরিয়াকে তিনি শক্ত ভিত্তির স্প্যানিশ ক্লাব হিসেবে উল্লেখ করেন, যাদের উন্নতির স্পষ্ট সম্ভাবনা রয়েছে। ক্লাবের নেতৃত্ব দলের সঙ্গে কাজ করে তাদের পরবর্তী উন্নয়নপর্বে সহায়তা করতে তিনি আগ্রহী বলেও জানান।

ক্লাবটির সভাপতি মোহাম্মদ আল-খেরেইজি বলেন, রোনালদো আমাদের ক্লাবে বিনিয়োগের জন্য বেছে নিয়েছেন—এটি আমাদের জন্য আনন্দের। তাকে ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচনা করা হয়। স্প্যানিশ ফুটবল সম্পর্কে তার গভীর ধারণা রয়েছে এবং মূল দল ও যুব একাডেমি নিয়ে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা তিনি ভালোভাবে বুঝতে পেরেছেন।

ছয় বছরের বেশি সময় ধরে আলমেরিয়া সৌদি মালিকানায় রয়েছে। ২০২৫ সালের গ্রীষ্মে তুর্কি আল আলশেখ-এর কাছ থেকে ক্লাবটি কিনে নেন আল-খেরেইজি। তার ব্যবসায়িক প্রতিষ্ঠান এসএমসি গ্রুপের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবেই রোনালদোর সঙ্গে এই চুক্তি সম্পন্ন হয়েছে।

২০২৩–২৪ মৌসুমে আলমেরিয়া স্পেনের শীর্ষ লিগে খেলেছিল। তবে ১৯তম হয়ে অবনমন হয় তাদের। বর্তমানে দ্বিতীয় বিভাগে ২৭ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দলটি। দ্বিতীয় স্থানে থাকা সিডি ক্রাসটেলোন থেকে মাত্র এক পয়েন্ট এবং শীর্ষে থাকা রিয়াল রেসিং ক্লাব-এর চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে আছে আলমেরিয়া।

ফুটবল দুনিয়ায় তাই এখন প্রশ্ন—মাঠের কিংবদন্তি কি এবার বোর্ডরুমেও সফল হবেন? সময়ই দেবে তার উত্তর।