ঢাকা, শুক্রবার, মার্চ ১৩, ২০২৬ | ২৮ ফাল্গুন ১৪৩২
Logo
logo

যুদ্ধ থামাও! পাক-আফগান সংঘাতে মুখ খুলল জাতিসংঘ, রাশিয়া-চীন-ইরান যা বললো তা শুনলে অবাক হবেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০২ পিএম

যুদ্ধ থামাও! পাক-আফগান সংঘাতে মুখ খুলল জাতিসংঘ, রাশিয়া-চীন-ইরান যা বললো তা শুনলে অবাক হবেন

সরাসরি যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান-আফগানিস্তান। তালেবানের বিরুদ্ধে 'প্রকাশ্য যুদ্ধ' ঘোষণা করে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বিভিন্ন শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, রাশিয়া, চীন ও ইরানসহ আন্তর্জাতিক সম্প্রদায় ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যে এ সব প্রতিক্রিয়া জানা গেছে।

পাকিস্তানের হামলার পর আফগানিস্তানের তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, ডুরান্ড লাইনের বরাবর পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে 'বৃহৎ আকারের আক্রমণাত্মক অভিযান' শুরু করেছে আফগানিস্তান। তালেবান দাবি করেছে, চলতি সপ্তাহে পাকিস্তানের পৃথক বিমান হামলার জবাব হিসেবেই তারা এই অভিযান চালাচ্ছে ।

জাতিসংঘ
জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেষ পরিস্থিতির ওপর গভীর নজর রাখছেন এবং সহিংসতা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন । তার মুখপাত্র স্টিফেন ডুজারিখ এক বিবৃতিতে জানান, দুই দেশকে আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে । গুতেরেস বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দেন ।

ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দুই দেশকে সংলাপ ও সুপ্রতিবেশী নীতির মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান জানিয়েছেন । তিনি রমজান মাসের গুরুত্ব উল্লেখ করে সংযম ও ইসলামী সংহতির ওপর গুরুত্বারোপ করেন । সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তেহরান গঠনমূলক সংলাপ ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত ।

রাশিয়া
রাশিয়া অবিলম্বে সীমান্তপারের হামলা বন্ধ করে কূটনৈতিক উপায়ে সমাধানের আহ্বান জানিয়েছে । দেশটি প্রয়োজনে মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছে । রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি জমির কাবুলভ জানান, যদি উভয় পক্ষ অনুরোধ করে তবে মস্কো মধ্যস্থতার প্রস্তাব বিবেচনা করবে ।

চীন
চীন জানিয়েছে, পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধিতে তারা গভীরভাবে উদ্বিগ্ন । চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, বেইজিং নিজস্ব কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পরিস্থিতি শান্ত করতে কাজ করছে এবং গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত । তিনি দুই দেশে অবস্থানরত চীনা নাগরিক ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান ।

পাকিস্তানের অবস্থান
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তালেবানকে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতার জন্য দায়ী করেছেন। তিনি বলেন, ইসলামাবাদ পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরাসরি ও বন্ধুপ্রতিম দেশগুলোর মাধ্যমে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, "আমাদের ধৈর্যের সীমা শেষ। এখন এটি সরাসরি যুদ্ধ, এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে" ।

আফগানিস্তানের প্রতিক্রিয়া
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, দেশটি ঐক্যবদ্ধভাবে নিজেদের ভূখণ্ড রক্ষা করবে এবং আগ্রাসনের জবাব সাহসিকতার সঙ্গে দেবে। তিনি পাকিস্তানকে নিজেদের নীতিতে পরিবর্তন এনে সুপ্রতিবেশী সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান।