এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৬, ১০:০৩ পিএম

ভারতে নৌ মহড়া ‘মিলান ২০২৬’ শেষ করে ফেরার পথে ইরানের যুদ্ধজাহাজ ‘আইরিস ডেনা’ মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেছে। এতে অন্তত ৮৭ আরোহীর মৃত্যু নিশ্চিত, আর কমপক্ষে ৬২ জন নিখোঁজ রয়েছেন।
ইরানি ফ্রিগেটটি ২০২৪ সালেও ভারতে বহু-জাতিগত নৌ মহড়া ‘মিলান’ এ অংশ নিয়েছিল। চলতি বছরও ‘মিলান ২০২৬’-এ যোগ দিতে ভারতের জলসীমায় পৌঁছায়। মহড়া শেষে দেশে ফেরার পথে ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের ছোড়া টর্পেডোর আঘাতে ডুবে যায় জাহাজটি।
গত ১৬ ফেব্রুয়ারি ভারতীয় নৌবাহিনী জানিয়েছিল, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৃহত্তম এই বহুজাতিক মহড়া বিভিন্ন দেশের নৌবাহিনীকে একত্রিত করবে। মহড়ার মূল লক্ষ্য ছিল সমুদ্রসীমায় পারস্পরিক সহযোগিতা, সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত মোকাবিলা সক্ষমতা তৈরি করা। বিশেষ করে সাবমেরিন-বিরোধী যুদ্ধ, আকাশ প্রতিরক্ষা এবং উদ্ধার অভিযানগুলোতে গুরুত্ব দেওয়া হয়।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেন্টাগনের সাবমেরিনের পেরিস্কোপে ধরা সাদা-কালো ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দূরে বিস্ফোরণ এবং জাহাজে আঘাতের মুহূর্ত দেখা গেছে। কোনও সামরিক বাহিনী সরাসরি সাবমেরিন থেকে হামলার দৃশ্য প্রকাশ করা এই প্রথম, যা যুদ্ধক্ষেত্র এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদানে বড় পরিবর্তন এনেছে।
ইরানি যুদ্ধজাহাজ আইরিস ডেনা ভারত মহাসাগরে থাকাকালীন মার্কিন সাবমেরিন গোপনে তার দিকে নজর রাখছিল, যদিও গভীরতায় থাকার কারণে জাহাজটি তা শনাক্ত করতে পারেনি। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ইরান থেকে ভারতে যাত্রাপথ জুড়ে মার্কিন সাবমেরিনটি আইরিস ডেনাকে অনুসরণ করেছিল, যা আন্তর্জাতিক সামরিক গোয়েন্দা চর্চার একটি স্বাভাবিক অংশ।