ঢাকা, সোমবার, মার্চ ৯, ২০২৬ | ২৫ ফাল্গুন ১৪৩২
Logo
logo

তেহরান ও আলবোর্জে তেলের ডিপোসহ পাঁচ জ্বালানি স্থাপনায় বোমা হামলা, নিহত অন্তত চারজন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ০৮:০৩ পিএম

তেহরান ও আলবোর্জে তেলের ডিপোসহ পাঁচ জ্বালানি স্থাপনায় বোমা হামলা, নিহত অন্তত চারজন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান বাহিনী ইরানের চারটি তেলের ডিপো এবং একটি পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং সংশ্লিষ্ট জ্বালানি স্থাপনাগুলোতে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানের জাতীয় তেল উত্তোলন ও বিতরণ কোম্পানির শীর্ষ নির্বাহী কেরামাত বিয়েসকারামি দেশটির সরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “গতকাল (শনিবার) রাতে তেহরান এবং আলবোর্জে মার্কিন-ইসরায়েল বিমান বাহিনীর বোমা হামলায় আমাদের চারটি তেলের ডিপো এবং একটি পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন।”

নিহতদের মধ্যে দু’জন তেলের ট্যাংকার ট্রাকের চালক ছিলেন বলেও জানিয়েছেন তিনি।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পৃথক এক বিবৃতিতে এই হামলার তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর তেলের ডিপোগুলোতে বিশাল আগুন জ্বলছে। আগুনের লেলিহান শিখা দূর থেকেও দেখা যাচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এই ধরনের হামলা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে।