এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৬, ০৮:০৩ পিএম

ইরানের তেলের ডিপোতে হামলার পর দেশটির সরকার সাধারণ জনগণের জ্বালানি কোটা কমিয়ে দিয়েছে। তুরস্কের জাতীয় বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
ইরানে সাধারণ জনগণের জন্য সরকারি জ্বালানি কার্ডের ব্যবস্থা রয়েছে। এই কার্ডধারীরা মাসে ৩০ লিটার পর্যন্ত জ্বালানি তেল নামমাত্র মূল্যে কিনতে পারেন।
তবে সরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সাধারণ জনগণ ৩০ লিটারের পরিবর্তে মাত্র ২০ লিটার তেল নামমাত্র মূল্যে কিনতে পারবেন।
গত শনিবার তেহরান এবং আবরোজ শহরের চারটি জ্বালানি তেলের ডিপোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাবাহিনী। হামলায় ডিপোগুলো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
শনিবারের হামলার প্রেক্ষিতেই এই জ্বালানি কাটছাঁটের সিদ্ধান্ত গ্রহণ করেছে ইরানের সরকার, উল্লেখ করেছে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন। এতে সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ ইরানের ভেতরে সামাজিক চাপ বাড়াতে পারে, বিশেষ করে জ্বালানি সংকটের মধ্যবর্তী সময়ে।