ঢাকা, শুক্রবার, মার্চ ১৩, ২০২৬ | ২৮ ফাল্গুন ১৪৩২
Logo
logo

ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনিকে পূর্ণ সমর্থন, আনুগত্য ঘোষণা বিপ্লবী গার্ডের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৬, ০৬:০৩ পিএম

ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনিকে পূর্ণ সমর্থন, আনুগত্য ঘোষণা বিপ্লবী গার্ডের

ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করেছে দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড। নতুন নেতাকে শুভেচ্ছা জানিয়ে তারা জানিয়েছেন, তার নির্দেশনা মেনে চলতে সবসময় প্রস্তুত থাকবে বাহিনীটি।

এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, তারা মোজতবা খামেনির প্রতি আজীবন আনুগত্য বজায় রাখবে এবং আন্তরিকভাবে তার নেতৃত্ব অনুসরণ করবে। একই সঙ্গে নতুন সুপ্রিম লিডার যে নির্দেশনা দেবেন, তা বাস্তবায়নের জন্যও প্রস্তুত থাকার কথা জানিয়েছে তারা।

এর আগে বাংলাদেশ সময় সোমবার রাত সোয়া ৩টার দিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করে। ৮৮ সদস্যের এই পরিষদই দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচন করার ক্ষমতা রাখে।

মোজতবা খামেনির নেতৃত্বকে সমর্থন জানিয়ে শুধু বিপ্লবী গার্ডই নয়, ইরানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতারাও আনুগত্য প্রকাশ করেছেন। এর মধ্যে রয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি।

তাদের এই সমর্থনকে তেহরানের নতুন নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, দেশের প্রধান সামরিক ও রাজনৈতিক শক্তিগুলোর সমর্থন নতুন সুপ্রিম লিডারের অবস্থান আরও শক্ত করবে।