ঢাকা, বুধবার, মার্চ ১১, ২০২৬ | ২৬ ফাল্গুন ১৪৩২
Logo
logo

সৌদির গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রে ড্রোন হামলার চেষ্টা, আকাশেই ভূপাতিত করল নিরাপত্তাবাহিনী, বাড়ছে উত্তেজনা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

সৌদির গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রে ড্রোন হামলার চেষ্টা, আকাশেই ভূপাতিত করল নিরাপত্তাবাহিনী, বাড়ছে উত্তেজনা

সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রে ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে। তবে লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই ড্রোনটি ভূপাতিত করেছে দেশটির নিরাপত্তাবাহিনী।

সোমবার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, একটি ড্রোন রুব আল-খলিল মরুভূমির দিকে অগ্রসর হচ্ছিল। এই মরুভূমি এলাকাতেই অবস্থিত সায়বাহ তেলক্ষেত্র, যা দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা।

সৌদি তেল কোম্পানি আরামকোর তথ্য অনুযায়ী, সায়বাহ তেলক্ষেত্রটির প্রতিদিন প্রায় এক মিলিয়ন ব্যারল তেল উৎপাদনের সক্ষমতা রয়েছে। তাই এই স্থাপনাকে লক্ষ্য করে হামলার চেষ্টা আন্তর্জাতিক জ্বালানি বাজারেও উদ্বেগ তৈরি করেছে।

এদিকে তেলক্ষেত্রে ড্রোন হামলার চেষ্টা হওয়ার কয়েক ঘণ্টা আগেই সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলার চেষ্টা করা হয়। ওই হামলার জন্য ইরানকে দায়ী করা হয়েছে।

শুধু তাই নয়, রাজধানী রিয়াদেও ড্রোন হামলার চেষ্টা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ফলে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এখন পর্যন্ত সৌদি আরবে ইরানের হামলায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি প্রবাসী এবং অপরজন ভারতীয় নাগরিক। এছাড়া ইরানের মিসাইল হামলায় আহত হয়েছেন আরও ১২ জন, যাদের সবাই বাংলাদেশি বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক মহল গভীরভাবে পরিস্থিতির দিকে নজর রাখছে।