ঢাকা, বুধবার, মার্চ ১১, ২০২৬ | ২৬ ফাল্গুন ১৪৩২
Logo
logo

সতর্কবার্তার ২৪ ঘণ্টার মধ্যেই সৌদির শায়েবাহ তেলখনি লক্ষ্য করে ফের ড্রোন হামলা চালাল ইরান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

সতর্কবার্তার ২৪ ঘণ্টার মধ্যেই সৌদির শায়েবাহ তেলখনি লক্ষ্য করে ফের ড্রোন হামলা চালাল ইরান

সৌদি আরবের কড়া সতর্কবার্তার পরও দেশটির অন্যতম বৃহৎ তেলক্ষেত্র শায়েবাহ অয়েলফিল্ডকে লক্ষ্য করে আবারও ড্রোন হামলার চেষ্টা করেছে ইরান। সোমবার ভোরের দিকে সৌদির এই গুরুত্বপূর্ণ তেলখনিকে লক্ষ্য করে চারটি বিস্ফোরকবাহী ড্রোন ছুড়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী।

তবে লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই সৌদির এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় হয়ে ওঠে। প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, তেলখনিতে আঘাত হানার আগেই চারটি ড্রোনই ধ্বংস করে ফেলা হয়েছে। এক বিবৃতিতে সৌদি প্রতিরক্ষা বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র সৌদি আরব। দেশটিতে একাধিক মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর গত ৯ দিন ধরে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোতে থাকা মার্কিন সেনাঘাঁটি, বিভিন্ন স্থাপনা এবং তেল অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

শায়েবাহ তেলখনিকে লক্ষ্য করে টানা তিনবার হামলার চেষ্টা হওয়ার পর গতকাল রোববার ইরানকে কড়া সতর্কবার্তা দেয় সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরান যদি প্রতিবেশী দেশগুলোর তেল অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো বন্ধ না করে, তাহলে চলমান যুদ্ধে তাদের বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে হতে পারে।

তবে সেই সতর্কবার্তার ২৪ ঘণ্টা পার না হতেই আবারও একই তেলক্ষেত্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এই নিয়ে মাত্র ৯ দিনের মধ্যে চতুর্থবারের মতো শায়েবাহ তেলখনিকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটল।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার ঘটনা আন্তর্জাতিক বাজারেও বড় প্রভাব ফেলতে পারে।