ঢাকা, বুধবার, মার্চ ১১, ২০২৬ | ২৬ ফাল্গুন ১৪৩২
Logo
logo

ঋতুপর্ণার ঝড়েও বাংলাদেশ পিছিয়ে, উজবেকিস্তানকে কঠিন লড়াই দিলো নারী এশিয়ান কাপের ম্যাচে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

ঋতুপর্ণার ঝড়েও বাংলাদেশ পিছিয়ে, উজবেকিস্তানকে কঠিন লড়াই দিলো নারী এশিয়ান কাপের ম্যাচে

পার্থ র‌্যাকটেঙ্গুলার স্টেডিয়ামের প্রেসবক্স কাচে ঘেরা নয়। অপরপ্রান্ত থেকে দর্শকদের ‘ঋতুপর্ণা, ঋতুপর্ণা’, ‘বাংলাদেশ, বাংলাদেশ’ চিৎকার স্পষ্ট শোনা যায়। নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ উজবেকিস্তানের বিপক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে রয়েছে।

ম্যাচের প্রথম দশ মিনিটেই উজবেকিস্তান এগিয়ে যায়। ফরোয়ার্ড খাবিবুল্লাএভা দুর্দান্ত শটে লিড এনে দেন। বাংলাদেশের ডিফেন্ডাররা ঠিক মতো মার্কিং করতে পারেননি। তবে পিছিয়ে পড়লেও দলের খেলোয়াড়রা হতাশ হননি।

উজবেকিস্তান ফিফা র‌্যাংকিংয়ে ৪৯ নম্বরে অবস্থান করছে, আর বাংলাদেশ ১১২তম স্থানে। ব্যবধান থাকলেও প্রথমার্ধে বাংলাদেশ সমান লড়াই করেছে। বলের নিয়ন্ত্রণ ও আক্রমণ তৈরি করেছে অনেক। বিশেষ করে কাউন্টার অ্যাটাকে ৩০ মিনিটে ঋতুপর্ণা দ্রুতগতিতে বল নিয়ন্ত্রণ নিয়ে শক্তিশালী শট করেন। উজবেক গোলরক্ষক মাফতুনা ফ্লাইটে খানিকটা পরাস্ত হয়ে এক হাত দিয়ে গোল বাঁচান।

প্রথমার্ধের শেষ পাঁচ মিনিটে বাংলাদেশ উজবেকিস্তানের ওপর চাপ প্রয়োগ করে। তহুরা খাতুন বক্সের মধ্যে ভালো জায়গায় বল পেয়ে শট নেন। বল ফিরে আসলে কোহাতি কিসকু সুযোগ পান। গোলরক্ষক বক্সের মাঝামাঝি অবস্থান করলেও পোস্ট অরক্ষিত থাকে। কিন্তু শট পোস্টে না যাওয়ায় গোল হয়নি।

বাংলাদেশ আরও একটি গোলের সুযোগ পায়। সংঘবদ্ধ আক্রমণে বক্সের সামনে বল পান মারিয়া মান্দা। তার বুদ্ধিদীপ্ত শট উজবেকিস্তানের পোস্টের উপর দিয়ে যায়। গোল বঞ্চিত বাংলাদেশ প্রথমার্ধে ০-১ গোলে ড্রেসিংরুমে ফিরে যায়।

উজবেকিস্তানও বেশ কয়েকটি আক্রমণ ও গোলের সুযোগ পেয়েছিল। বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার পরিচালিত হাই লাইন ডিফেন্স ভেদ করার চেষ্টা করেন উজবেক ফুটবলাররা। দুই-তিনবার গোলরক্ষক মিলিকে এশাও পেয়েছিলেন। ফিনিশিং দক্ষতার অভাবে ব্যবধান বাড়াতে পারেনি উজবেকিস্তান। গোলরক্ষক মিলি প্রথমার্ধে দুটি গুরুত্বপূর্ণ সেভ করেন।