ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬ | ২৭ ফাল্গুন ১৪৩২
Logo
logo

হরমুজ প্রণালি বন্ধ হলে বাড়তে পারে বিশ্বজুড়ে খাদ্যমূল্য, সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে এশিয়ায়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৬, ০৬:০৩ পিএম

হরমুজ প্রণালি বন্ধ হলে বাড়তে পারে বিশ্বজুড়ে খাদ্যমূল্য, সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে এশিয়ায়

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে খাদ্যের দাম বেড়ে যেতে পারে—এমনই সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাড।

সংস্থাটি বলছে, এই গুরুত্বপূর্ণ জলপথে পরিবহন বন্ধ হলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়তে পারে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন স্বল্প আয়ের মানুষরা।

মঙ্গলবার প্রকাশিত আঙ্কটাডের এক বিশ্লেষণী প্রতিবেদনে এই আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি, সার এবং পরিবহন ব্যয় বেড়ে গেলে তার সরাসরি প্রভাব পড়বে খাদ্যের দামে।

এর ফলে খাদ্যপণ্যের দাম বাড়বে এবং বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী বড় ধরনের সংকটে পড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

আঙ্কটাডের পরিসংখ্যান অনুযায়ী, বৈশ্বিক বাণিজ্যের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ৩৮ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।

শুধু তেলই নয়, বিশ্বের মোট এলপিজির প্রায় ২৯ শতাংশ এবং এলএনজির প্রায় ১৯ শতাংশও এই প্রণালি দিয়েই পরিবহন করা হয়।

খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও এই পথের গুরুত্ব অনেক। আঙ্কটাড জানিয়েছে, বিশ্বজুড়ে জাহাজযোগে যে পরিমাণ সার সরবরাহ করা হয়, তার প্রায় এক-তৃতীয়াংশ হরমুজ প্রণালি দিয়ে যায়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ধরনের সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে এশিয়ায়। কারণ, এই প্রণালি দিয়ে যাতায়াত করা পণ্যের প্রায় ৮৪ শতাংশের গন্তব্য থাকে এশিয়ার বিভিন্ন দেশ।

ফলে এই অঞ্চলে মুদ্রাস্ফীতি বাড়া এবং জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি বলে সতর্ক করেছে সংস্থাটি।