এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬, ০৬:০৩ পিএম

শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর, আর সঙ্গে সঙ্গে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আপডেট দিয়েছে র্যাঙ্কিং। ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ভারতের দুই ব্যাটার অভিষেক শর্মা ও ইশান কিশান, আর বোলিংয়ে প্রথম স্থান দখল করেছেন রশিদ খান।
বিশ্বকাপে ৩১৭ রান করা ইশান কিশান বড় লাফ দিয়ে এখন বিশ্বের দুই নম্বর টি-টোয়েন্টি ব্যাটার। তবে তিনি সতীর্থ অভিষেক শর্মাকে টপকাতে পারেননি। ফাইনালে ১৮ বলে ফিফটি করা অভিষেক এখনও এক নম্বর স্থান ধরে রেখেছেন। ইশান বর্তমানে অভিষেকের চেয়ে মাত্র ৪ রেটিং পয়েন্ট পিছিয়ে আছেন।
নিউজিল্যান্ডের টিম সাইফার্ট (৬ষ্ঠ) এবং ইংল্যান্ডের জ্যাকব বেথেল (১৬তম) ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছেছেন। এছাড়া ফিন অ্যালেন (২০তম), টুর্নামেন্ট সেরা সঞ্জু স্যামসন (২২তম) এবং শিবম দুবে (২৭তম) উল্লেখযোগ্য উন্নতি দেখিয়েছেন।
ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়া সত্ত্বেও নিজের মুকুট হারিয়েছেন। গ্রুপ পর্বের পর আর খেলতে না পারা আফগানিস্তানের রশিদ খান আবারও শীর্ষে ফিরে এসেছেন।
১৩ উইকেট নেওয়া আদিল রশিদ উঠে এসেছেন চতুর্থ স্থানে। টুর্নামেন্টে ১৪ উইকেট নেওয়া জাসপ্রিত বুমরাহ বর্তমানে ষষ্ঠ স্থানে। এছাড়া অক্ষর প্যাটেল ১৭তম স্থানে উঠে এসেছেন।
অলরাউন্ডারদের তালিকায় কোনো পরিবর্তন আসেনি। জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা এবং ভারতের হার্দিক পান্ডিয়া যথাক্রমে এক ও দুই নম্বর স্থান ধরে রেখেছেন। নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার তিন ধাপ এগিয়ে ৯ম এবং ইংল্যান্ডের উইল জ্যাকস ১৩তম স্থানে উঠেছেন।