ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬ | ২৭ ফাল্গুন ১৪৩২
Logo
logo

উইকেট নিয়েও বিনয়ী নাহিদ! ম্যাচসেরা পারফরম্যান্সের পর বললেন—‘আমি কোনো ব্র্যান্ড নই’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৬, ১১:০৩ পিএম

উইকেট নিয়েও বিনয়ী নাহিদ! ম্যাচসেরা পারফরম্যান্সের পর বললেন—‘আমি কোনো ব্র্যান্ড নই’

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছে টাইগাররা। আর এই জয়ের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি ৭ ওভারে মাত্র ২৪ রান দিয়ে তুলে নেন ৫টি গুরুত্বপূর্ণ উইকেট।

ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নাহিদ। তবে এমন দারুণ পারফরম্যান্সের পরেও নিজের অবস্থান নিয়ে বেশ বিনয়ী এই তরুণ পেসার। ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে এসে স্পষ্ট করে জানিয়ে দেন—নিজেকে তিনি কোনো ব্র্যান্ড মনে করেন না।

নাহিদ বলেন,
“আমি নিজেকে কোনো ব্র্যান্ড মনে করি না। আমি নিজেকে একজন সাধারণ মানুষ মনে করি। আর এই ৫ উইকেট আমি কাউকে ডেডিকেট করছি না।”

তার এমন সরল বক্তব্য অনেকেরই নজর কেড়েছে। মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি তার বিনয়ী মনোভাবও প্রশংসা পাচ্ছে ক্রিকেটপ্রেমীদের কাছে।

সংবাদ সম্মেলনে দলের পেসারদের মধ্যে সম্পর্ক নিয়েও কথা বলেন নাহিদ। তিনি জানান, দলের ফাস্ট বোলারদের মধ্যে দারুণ বোঝাপড়া রয়েছে।

নাহিদ বলেন,“আমরা হচ্ছি ভাই-ব্রাদার টাইপের। মাঠের ভেতর যেমন মজা করি, মাঠের বাইরেও ঠিক তেমনই থাকি। সবাই সবাইকে সব সময় কনফিডেন্স দেওয়ার চেষ্টা করে। এই বন্ডিংটা আমাদের মধ্যে খুবই ভালো।”

এদিকে নাহিদ রানার পারফরম্যান্সের প্রশংসা করেছেন পাকিস্তান দলের কোচ মাইক হেসনও। ম্যাচ শেষে তিনি বলেন,
“উইকেট আজকে ভালো ছিল। তবে ক্রেডিটটা নাহিদেরই। সে দারুণ বোলিং করেছে। তার গতির কাছেই পরাস্ত হয়েছে আমাদের ব্যাটাররা। সে অবশ্যই প্রশংসার প্রাপ্য।”

সব মিলিয়ে মিরপুরে এই ম্যাচে নাহিদ রানার আগুন ঝরা বোলিংই ছিল বাংলাদেশের বড় শক্তি। তরুণ এই পেসারের পারফরম্যান্সে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে, আর তাতেই সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।