এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

লেবাননের রাজধানী বৈরুতের একটি অংশকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মতো ধ্বংসস্তূপে পরিণত করা হবে—এমন হুমকি দিয়েছে দখলদার ইসরায়েল। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এই কঠোর বার্তা সামনে এসেছে।
বৃহস্পতিবার রাতভর ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলার পরই এক ইসরায়েলি কর্মকর্তা সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল-কে জানান, যদি লেবানন সরকার হিজবুল্লাহকে থামাতে না পারে, তাহলে বৈরুতের একটি অংশকে গাজার মতো বানিয়ে দেওয়া হবে।
ওই কর্মকর্তা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এখন পুরোপুরি লেবানন সরকারের দায়িত্ব। তারা যদি হিজবুল্লাহর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়, তাহলে বৈরুতের নির্দিষ্ট একটি এলাকা বড় ধরনের হামলার মুখে পড়তে পারে।
জানা গেছে, বৈরুতের একটি এলাকায় হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে। ইসরায়েলি বাহিনী সাধারণত অন্য জায়গার তুলনায় এই এলাকাকে লক্ষ্য করে বেশি হামলা চালায়। ফলে ওই অঞ্চলটিই সম্ভাব্য সংঘাতের কেন্দ্র হয়ে উঠেছে।
ইসরায়েলি ওই কর্মকর্তা আরও বলেন, “লেবানন সরকারকে অবশ্যই তাদের দেশের ওপর নিয়ন্ত্রণ নিতে হবে। নয়তো বৈরুতে যেখানে হিজবুল্লাহর শক্ত অবস্থান রয়েছে, সেই জায়গাটি খুব শিগগিরই গাজার মতো দেখাবে।”
এই মন্তব্য নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়েছে। বিশেষ করে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত আরও বড় আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।