এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

ইরাকের বসরা উপকূলের কাছে মার্কিন মালিকানাধীন তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান, এতে ভারতীয় বংশোদ্ভূত এক ক্রু সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার কাতারভিত্তিক আল জাজিরা এই তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, বসরার কাছে বুধবার মার্কিন মালিকানাধীন অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারে হামলায় ভারতীয় এক ক্রু নিহত হয়েছেন। বাগদাদে অবস্থিত ভারতীয় দূতাবাস নিহতের তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে দূতাবাস জানায়, মার্শাল আইল্যান্ডস পতাকাবাহী ‘সেফসি বিষ্ণু’ জাহাজের বাকি ১৫ জন ভারতীয় নাবিককে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে একই দিনে হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলা চালায় ইরান। এতে জাহাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং তিনজন নাবিক নিখোঁজ হন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয়।
ভারতের সূত্র জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিশ্বের তেল ও তরল গ্যাসবাহী জাহাজের ২০ শতাংশ এই রুট ব্যবহার করে। ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ হিসেবে পরিচিত এই রুটে সমস্যা হলে মধ্যপ্রাচ্যের তেল পশ্চিমা বিশ্বে পৌঁছাতে সমস্যায় পড়ে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনস জানিয়েছে, এই সময় থেকে ১৩টির বেশি তেলবাহী জাহাজে হামলা হয়েছে।