ঢাকা, রবিবার, মার্চ ১৫, ২০২৬ | ৩০ ফাল্গুন ১৪৩২
Logo
logo

ইরান যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির জবাবে বলল, বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার অধিকার তাদের নেই


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

ইরান যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির জবাবে বলল, বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার অধিকার তাদের নেই

ফুটবল বিশ্বকাপ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানকে। পাল্টা জবাব দিয়েছে পশ্চিম এশিয়ার দেশটি। ইরানের জাতীয় ফুটবল দল জানিয়েছে, কেউ ইচ্ছা করলেই তাদের বিশ্বকাপ থেকে বাদ দিতে পারবে না, বরং যুক্তরাষ্ট্রকেই বাদ দেওয়ার দাবি তুলেছেন ইরানি ফুটবলারেরা।

প্রায় দুই সপ্তাহ ধরে ইরানে সামরিক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এবং ইরানও পাল্টা জবাব দিচ্ছে। সেই মধ্যেই বৃহস্পতিবার ট্রাম্প ইরানের ফুটবলারদের হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “বিশ্বকাপে ইরানের জাতীয় দলকে স্বাগত। তবে এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে এখানে আসা উচিত হবে না।”

এ বারের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। ট্রাম্পের মন্তব্যের জবাবে ইরানের ফুটবল দল বলেছে, “বিশ্বকাপ একটি ঐতিহাসিক এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা। এর নিয়ন্ত্রক সংস্থা হলো ফিফা, কোনো ব্যক্তি বা দেশ নয়। ইরানের জাতীয় দল ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেছে এবং যোগ্যতা অনুযায়ী প্রথম সারিতে রয়েছে।”

ফুটবল দল আরও জানিয়েছেন, “কেউ ইচ্ছা হলেই ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারবে না। যদি বাদ দিতে হয়, তবে এমন একটি দেশকে বাদ দেওয়া উচিত, যারা শুধু আয়োজক, অথচ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলকে নিরাপত্তা দিতে সক্ষম নয়।”

উল্লেখ্য, এশিয়ার দল হিসেবে গত বছর ইরান বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। গ্রুপ পর্বের ম্যাচগুলো তাদের লস অ্যাঞ্জেলস এবং সিয়াটেলে খেলার কথা, তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বকাপে অংশগ্রহণ শঙ্কার মধ্যে রয়েছে।