এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় আছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে ৩-০ গোলে হেরে তাদের শিরোপার আশা কিছুটা ক্ষীণ হয়ে গেছে। ফিরতি লেগে ম্যানসিটি ঘরের মাঠ ইতিহাদে আতিথ্য দেবে লস ব্লাঙ্কোসদের, কিন্তু তার আগে ইংলিশ প্রিমিয়ার লিগে আজ (শনিবার) খেলতে নামবে গার্দিওলার শিষ্যরা।
মৌসুমের শুরুতে কিছুটা ছন্নছাড়া হলেও ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়েছে ম্যানসিটি। প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থাকা দলটির সঙ্গে নম্বর ওয়ান আর্সেনালের পয়েন্ট ব্যবধান ৭, যদিও সিটি এক ম্যাচ কম খেলেছে। সামনে বাকি ৯ ম্যাচ, তাই প্রায় প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে প্রতিপক্ষ রেলিগেশন জোনে থাকা ওয়েস্ট হ্যাম, তবুও গার্দিওলা স্বস্তিতে নেই।
দিবাগত রাত ২টায় শুরু হবে সিটি-ওয়েস্ট হ্যাম ম্যাচ। সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেছেন, “আগামীকাল রাতে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, এরপর চ্যাম্পিয়ন্স লিগে সেকেন্ড লেগ। আমরা এতে অভ্যস্ত। অনেক বছর ধরেই এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। ভালো খেলার পরই বোঝা যাবে সুযোগ আছে কি নাই। প্রিমিয়ার লিগ সবচেয়ে কঠিন প্রতিযোগিতা। পয়েন্ট হারালেই সব শেষ হবে।”
ওয়েস্ট হ্যামের কোচ নুনো এসপিরিতোও রেলিগেশন এড়াতে মরিয়া। গার্দিওলা বলেছেন, “শেষ ১০ ম্যাচে দলগুলো কিছু না কিছুর জন্য খেলে—রেলিগেশন এড়ানো, ইউরোপা লিগ, কনফারেন্স লিগ বা চ্যাম্পিয়ন হওয়া। প্রতিটি ম্যাচেই এই সমীকরণ প্রযোজ্য। এখানে দ্বিতীয় সুযোগ নেই।”
এই সপ্তাহটা ম্যানসিটির জন্য গুরুত্বপূর্ণ। ওয়েস্ট হ্যামের পর রিয়াল মাদ্রিদের সঙ্গে ইউসিএলের ফিরতি লেগ এবং এরপর কারাবাও কাপ ফাইনালের প্রস্তুতি। আর্সেনালের সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচ হবে পরবর্তী সপ্তাহে। গত মৌসুমটা শিরোপাহীন শেষ করেছিল গার্দিওলার দল, তাই এবার ভালো অবস্থানে থেকে কিছুটা সন্তুষ্ট তিনি।
ফার্স্ট লেগে ফেদেরিকো ভালভার্দের হ্যাটট্রিকে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর গার্দিওলাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তিনি বলেছেন, “এটাই প্রথমবার নয় যে আমি আহত হয়েছি। চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটি রাউন্ডে বহুবার হারের অভিজ্ঞতা আছে। আমার সিদ্ধান্ত নিয়েও প্রচুর তুলোধুনো হয়েছে। তাই এবারই নতুন নয়। আমি নিজের সিদ্ধান্তে অটল আছি, দায়িত্ব থাকা শেষ দিনও দল নির্বাচন নিয়ে অবস্থান বদলাবে না।”