এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬, ১১:০৩ পিএম

সৌদি আরবে মার্কিন রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান বিধ্বস্ত হয়েছে বলে খবর ছড়ানো হয়েছে। কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে, হামলা চালিয়েছে ইরানপন্থি কোনো গোষ্ঠী। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টিকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন।
শনিবার (১৪ মার্চ) ইরান ইন্টারন্যাশনাল-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, কয়েকদিন আগে একটি মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছিল, তবে কোনো বিমান ধ্বংস হয়নি। তিনি জানান, মোট পাঁচটি বিমানের মধ্যে চারটির প্রায় কোনো ক্ষতি হয়নি এবং সেগুলো ইতোমধ্যে সেবায় ফিরেছে। একটি বিমানের কিছুটা ক্ষতি হয়েছে, তবে সেটিও শিগগিরই উড্ডয়নে সক্ষম হবে।
ট্রাম্প আরও বলেন, “কোনো বিমান ধ্বংস হয়নি বা ধ্বংসের কাছাকাছিও ছিল না। অথচ সংবাদমাধ্যমে ভুয়া শিরোনামে ভিন্ন দাবি করা হয়েছে।” তিনি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য নিউ ইয়র্ক টাইমসসহ কয়েকটি সংবাদমাধ্যমকে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশের অভিযোগ করেন।
মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, “তাদের ভয়াবহ প্রতিবেদন বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। তারা বুঝতেই পারে না, এতে যুক্তরাষ্ট্রের কতটা ক্ষতি হয়।”
এদিকে, ইরানে বর্তমান শাসনব্যবস্থার পরিবর্তন আগামী দিনগুলোতে সম্ভব নয় বলে মূল্যায়ন করেছে একটি সূত্র। সংবাদপত্রে প্রকাশিত ওই সূত্রের বরাতে বলা হয়েছে, তেহরানে শাসন পরিবর্তনের জন্য হয় স্থল সেনা অভিযান চালাতে হবে বা ব্যাপক অভ্যন্তরীণ বিক্ষোভ হতে হবে, যা বর্তমান পরিস্থিতিতে সম্ভাব্য নয়। এজন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যুদ্ধ শেষ করার জন্য এক সপ্তাহের সময় দিয়েছে, মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে বলা হয়েছে।
সূত্রটি আরও জানায়, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও তেলআবিবের মূল্যায়নে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। মার্কিন প্রশাসনের প্রধান উদ্বেগ হলো যুদ্ধের ফলে তেলের দাম ও বিশ্ব অর্থনীতির প্রভাব। অন্যদিকে ইসরায়েল দাবি করছে, তারা সামরিক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
এর আগে পলিটিকো জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে সংঘাত শুরুর আগে সম্ভাব্য পরিণতি নিয়ে পূর্ণাঙ্গ মূল্যায়ন করেনি। এর ফলে তেলের দামে তাৎক্ষণিক প্রভাব পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ তেল উৎপাদনের পরও সংঘাতের কারণে মাত্র দুই সপ্তাহেরও কম সময়ে গ্যাসোলিনের দাম গ্যালনপ্রতি ৬০ সেন্ট বেড়েছে।