এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ০৫:০৩ পিএম

আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিজের সেরা ইনিংস খেলেছেন ভারতের ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্কা। শিরোপা নির্ধারণী ম্যাচে দুজন মিলে ৯৮ রান যোগ করে ভারতকে উড়ন্ত সূচনায় বড় স্কোর গড়তে সাহায্য করেন।
ফাইনালে ভারত ৫ উইকেটে ২৫৫ রান করে। পরে নিউজিল্যান্ডকে ১৫৯ রানে অলআউট করে ৯৬ রানের বিশাল ব্যবধানে জিতে ট্রফি ঘরে নেয় ভারত। এটি ভারতের রেকর্ড তিনটি শিরোপা ও প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার কীর্তি।
৮৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন স্যামসন। অভিষেক শর্কা ৫২ রান করেন। ম্যাচের পর সঞ্জু স্যামসন বলেন, “আমরা বরফ আর আগুন নই, আমরা দুজনেই আগুন। কখনো সে আগুন জ্বালায়, কখনো আমি।”
একজন কেরালার, একজন পাঞ্জাবের। কেরালা-পাঞ্জাবির বন্ধুত্ব তাদের বোঝাপড়াকে শক্তিশালী করেছে। স্যামসন বলেন, “আমাদের মধ্যে দারুণ বোঝাপড়া। ২০২৪ সাল থেকে এই জুটি মাঠের মাঝখানে কাজ করছে। সবকিছু স্বাভাবিকভাবে ঘটে, তাই আমরা এটিকে জটিল করি না।”
পাঁচ ইনিংসে স্যামসন ৮০.২৫ গড়ে ১৯৯.৩৭ স্ট্রাইক রেটে ৩২১ রান করেন। ২৭ চার ও ২৪ ছক্কা মেরে বিশ্বকাপ শেষ করেন তৃতীয় সর্বোচ্চ স্কোরার হিসেবে।