ঢাকা, সোমবার, মার্চ ১৬, ২০২৬ | ১ চৈত্র ১৪৩২
Logo
logo

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন বিসিবি সভাপতি বুলবুল, ঈদের আগে মিলবে পরিবারের সঙ্গে সময়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৬, ০৫:০৩ পিএম

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন বিসিবি সভাপতি বুলবুল, ঈদের আগে মিলবে পরিবারের সঙ্গে সময়

কয়েক মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার পর বাংলাদেশ ঘরোয়া পর্যায়ে ব্যস্ত। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে মিরাজ-লিটনরা। সিরিজ শেষে ক্রিকেটাররা ঈদের ছুটি কাটাবেন। সেই সময় দেশে ফেরার কথা রয়েছে বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের।

এর আগে ১৬ ফেব্রুয়ারি পরিবারকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে যান বুলবুল। এরপর দীর্ঘ সময় দেশে ফেরেননি। বর্তমানে তিনি মেলবোর্নে অবস্থান করছেন। বিসিবির একজন পরিচালক নিশ্চিত করেছেন, আগামী ২৬ মার্চ ঢাকায় ফিরবেন বুলবুল। এর আগে তিনি আইসিসির একটি গুরুত্বপূর্ণ সভাতেও যোগ দেবেন।

অস্ট্রেলিয়ায় যাওয়ার কিছুদিন আগেও হঠাৎ দেশ ছেড়ে যাওয়ার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। একাধিক গণমাধ্যমও এটি প্রচার করে। পরদিন সকালেই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে হাজির হয়ে সবাইকে চমকে দেন বুলবুল। এরপর পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিনি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যান।

বুলবুল নেতৃত্বাধীন বিসিবির বর্তমান কমিটির বিরুদ্ধে নির্বাচনের সময় থেকে আন্দোলন করে আসছে ঢাকার ক্লাবগুলোর একটি বড় অংশ। অনিয়মের অভিযোগ তুলে তারা নির্বাচনে অংশ নেয়নি। পরবর্তীতে নিজেদের দাবিতে অনড় থেকে ঘরোয়া ক্রিকেট থেকেও দূরে ছিলেন।

নতুন সরকার ক্ষমতায় আসার পর ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে আমিনুল ইসলাম দায়িত্বে এসেছেন। তার অধীনে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) বিসিবি নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেছেন সংগঠকরা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে।