ঢাকা, সোমবার, মার্চ ১৬, ২০২৬ | ১ চৈত্র ১৪৩২
Logo
logo

আইসিসি সভাপতি জয় শাহ বললেন– ‘টিম ইন্ডিয়া এখন জয়ের প্রতীক, কঠোর পরিশ্রমে সাফল্য’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৬, ০৫:০৩ পিএম

আইসিসি সভাপতি জয় শাহ বললেন– ‘টিম ইন্ডিয়া এখন জয়ের প্রতীক, কঠোর পরিশ্রমে সাফল্য’

ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সাম্প্রতিক সময়ের বিশ্বক্রিকেটে ভারতকে অন্যতম সফল দল হিসেবে ধরা হচ্ছে। ২০২৪ ও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে রোহিত শর্মার নেতৃত্বে ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তবে সম্প্রতি আইসিসি সভাপতি জয় শাহের ভূমিকা নিয়ে আলোচনাও শুরু হয়েছে।

বিসিসিআইয়ের সাবেক সচিব জয় শাহকে ভারতীয় দলের সঙ্গে শিরোপা উদযাপন এবং চ্যাম্পিয়ন ট্রফি মন্দিরে নেওয়ার জন্য সমালোচিত করা হচ্ছে। ২০২৪ সাল পর্যন্ত বিসিসিআইয়ের সচিব ছিলেন তিনি। যদিও এখন আইসিসির দায়িত্বে আছেন, তবে ভারতীয় বোর্ডের কর্তাদের মতো আচরণ করছেন বলে অভিযোগ উঠেছে। ১০ মার্চ বিসিসিআইয়ের পক্ষ থেকে ভারতের শিরোপা উদযাপনের ভিডিও পোস্ট করা হয়। ৩৭ সেকেন্ডের ভিডিওতে জয় শাহকে ১২ বার দেখানো হয়েছে। সাংবাদিক অ্যাডাম কলিন্স ‘দ্য ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টে এটিকে ‘অস্বাভাবিক’ হিসেবে উল্লেখ করেছেন।

সম্প্রতি ভারতের একটি বেসরকারি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয় শাহকে খেলাধুলায় অসাধারণ অবদানের জন্য সম্মানিত করা হয়। তিনি বলেন, “এক সময় অস্ট্রেলিয়া মানেই জয়, এখন টিম ইন্ডিয়া মানেই জয়। এটাই এখন বাস্তবতা।”

ভারতের পাশাপাশি ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার প্রশংসাও করেন তিনি। জয় শাহ বলেন, “আমি সূর্যকুমার যাদব, গৌতম গম্ভীর এবং টিম ইন্ডিয়ার সব খেলোয়াড়কে অভিনন্দন জানাই। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকেও অভিনন্দন, যারা নকআউটের আগে কোনো ম্যাচ হারায়নি। নিউজিল্যান্ডকেও অভিনন্দন, যারা দারুণ লড়াই করেছে এবং কঠোর পরিশ্রম দেখিয়েছে।”

২০১৯ সালে বিসিসিআইয়ের সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের ক্রিকেট সাফল্যকেও তুলে ধরেন তিনি। জয় শাহ ভারতীয় ক্রিকেটারদের উদ্যম ও নিষ্ঠা ধরে রাখার পরামর্শ দিয়ে বলেন, “২০১৯ থেকে ২০২৬– এই সাত বছরে ভারত দুটি অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপ, দুটি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ জিতেছে। একবার করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপে রানার্সআপ হয়েছে। টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। শীর্ষ থেকে নিচে নামতে সময় লাগে কয়েক মাস, কিন্তু নিচ থেকে শীর্ষে ওঠা বহু বছর লাগে। তাই তোমাদের পারফরম্যান্স ধরে রাখতে হবে, তাহলেই প্রতি বছর পুরস্কার পাবে।”