এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন। ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। সোমবার সকালে বাংলাদেশ সময় প্রায় সাড়ে ৬টার দিকে এ হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।
জানা গেছে, এর মাত্র কয়েক মিনিট আগে ইরান থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি মিসাইল নিক্ষেপ করা হয়। আর তার জবাব দিতেই তেহরানে এই হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।
শুধু তেহরানই নয়, এর আগে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছিল, ইরানের আরও কয়েক হাজার স্থাপনায় তারা হামলা চালিয়েছে। সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, “প্রতিদিনই নতুন নতুন টার্গেট শনাক্ত করে সেগুলোতে হামলা চালানো হচ্ছে।”
মনে করা হচ্ছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালানোর পর থেকেই এই সংঘাত শুরু হয়। যা এখন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। একের পর এক হামলায় পুরো অঞ্চলটি যেন গুঁড়ি গুঁড়ি বিস্ফোরণের কম্পনে কাঁপছে।
তবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরান কীভাবে এই হামলার জবাব দেবে? তেহরানের আকাশে যখন ইসরায়েলি যুদ্ধবিমান, তখন গোটা মধ্যপ্রাচ্যই আঁতকে আছে— এই যুদ্ধ আর কতদূর গড়াবে?