ঢাকা, বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩
Logo
logo

অভিজ্ঞতা ছাড়াই মোসাদের প্রধান হচ্ছেন রোমান গফম্যান, নেতানিয়াহুর সিদ্ধান্তে চমক ও বিতর্ক তীব্র


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ এপ্রিল, ২০২৬, ০২:০৪ পিএম

অভিজ্ঞতা ছাড়াই মোসাদের প্রধান হচ্ছেন রোমান গফম্যান, নেতানিয়াহুর সিদ্ধান্তে চমক ও বিতর্ক তীব্র

ইসরায়েলের শক্তিশালী গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন নির্বাহী প্রধান হিসেবে মেজর জেনারেল রোমান গফম্যানকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার এই নিয়োগে আনুষ্ঠানিক অনুমোদন দেন তিনি।

মোসাদের প্রধানের মেয়াদ সাধারণত পাঁচ বছর। বর্তমান প্রধান ডেভিড বার্নিয়ার মেয়াদ শেষ হবে আগামী ২ জুন। ওই দিন থেকেই তার জায়গায় দায়িত্ব নেবেন গফম্যান।

বিশ্বের অন্যতম দক্ষ ও দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত মোসাদ। শুধু নিরাপত্তা নয়, ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি ও পররাষ্ট্রনীতিতেও এই সংস্থার প্রভাব বেশ শক্তিশালী।

তবে নতুন প্রধান হিসেবে যাকে বেছে নেওয়া হয়েছে, সেই মেজর জেনারেল গফম্যানের গোয়েন্দা অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ তার ক্যারিয়ারে সরাসরি কোনো গোয়েন্দা কার্যক্রমে যুক্ত থাকার উল্লেখযোগ্য রেকর্ড নেই। তবুও তাকে এই গুরুত্বপূর্ণ পদে বসানোর সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু।

সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছরের ডিসেম্বরেই গফম্যানকে এই পদে নিয়োগের বিষয়ে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল।

১৯৭৬ সালে বেলারুশে জন্ম নেওয়া রোমান গফম্যান ১৪ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে ইসরায়েলে পাড়ি জমান। ১৯৯৫ সালে তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর আর্মোরড কোরে যোগ দেন এবং ধীরে ধীরে একটি দীর্ঘ সামরিক ক্যারিয়ার গড়ে তোলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠীর হামলার সময় তিনি আইডিএফের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের একজন কমান্ডার ছিলেন। সেই হামলার সময় সরাসরি যুদ্ধে অংশ নিয়ে গুরুতর আহতও হন তিনি।

পরে সুস্থ হয়ে ২০২৪ সালে তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তরে সহকারী হিসেবে যোগ দেন। সর্বশেষ মোসাদের প্রধান হিসেবে মনোনীত হওয়ার আগে পর্যন্ত তিনি নেতানিয়াহুর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।