এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

১১ এপ্রিলের সংলাপ ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানকে আবারও দ্বিতীয় দফা বৈঠকের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এপি এক প্রতিবেদনে দেশটির দুই জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায়।
একজন কর্মকর্তা এপিকে বলেন, “চলমান যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই আমরা যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিদের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তাব দিয়েছি। তারা চাইলে ইসলামাবাদে বৈঠক করতে পারে, আর অন্য কোথাও করতে চাইলে সেটাও আমরা ব্যবস্থা করতে পারি।”
আরেক কর্মকর্তা জানান, ইসলামাবাদের আগের বৈঠক চুক্তি ছাড়াই শেষ হলেও সেটি কোনো বিচ্ছিন্ন উদ্যোগ ছিল না। বরং এটি একটি চলমান কূটনৈতিক প্রক্রিয়ারই অংশ।
উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে গত প্রায় দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির টানাপোড়েন চলছে। এই ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ হয়। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো চুক্তি ছাড়াই সেই আলোচনা শেষ হয়।
এর পরের দিন, ২৮ ফেব্রুয়ারি, ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে।
পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে মার্চের প্রথম সপ্তাহে মধ্যস্থতার ভূমিকায় আসে পাকিস্তান। তাদের উদ্যোগেই ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়।
এরপর আলোচনার মাধ্যমে স্থায়ী সমঝোতা তৈরির লক্ষ্যে ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আবারও মুখোমুখি হন দুই দেশের প্রতিনিধি দল।
তবে সেই বৈঠক শেষ পর্যন্ত ব্যর্থ হয়। প্রায় ২১ ঘণ্টা আলোচনা চললেও কোনো চুক্তি হয়নি, এবং দুই পক্ষই নিজ নিজ দেশে ফিরে যায়।