ঢাকা, বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ | ১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতাকে সম্পূর্ণভাবে সম্মান করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

মঙ্গলবার বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ক্রাউন প্রিন্স খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন বলে জানায় চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া।

বৈঠকে শি জিনপিং বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশের জনগণ, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি। বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে চীনের এই অবস্থান আঞ্চলিক শান্তি ও কূটনৈতিক সমাধানের পক্ষে তাদের বার্তা আরও স্পষ্ট করেছে।

এদিকে একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগামী জাহাজগুলোর ওপর অবরোধ কার্যকর করেছে। সোমবার (১৩ এপ্রিল) থেকে মার্কিন নৌবাহিনী এই পদক্ষেপ বাস্তবায়ন শুরু করে।

তবে নিষেধাজ্ঞার মধ্যেও একটি চীনা ট্যাংকার জাহাজ এই অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হয়ে যায় এবং নিষিদ্ধ ঘোষিত সমুদ্রপথও অতিক্রম করে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, জাহাজটির নাম ‘রিচ স্টারি’। অবরোধ কার্যকর হওয়ার পর এটি ছিল প্রথম ট্যাংকার, যা উপসাগরীয় এলাকা থেকে সফলভাবে বের হয়ে যায়।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’ এবং ‘কেপলার’ জানায়, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল নিয়ে যাত্রা করছিল।

মাঝারি আকারের এই জাহাজটি চীনের সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেডের মালিকানাধীন বলে জানা গেছে।