ঢাকা, বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ইরান যুদ্ধ শেষের খুব কাছাকাছি, তবে অভিযান পুরোপুরি শেষ হয়নি বললেন ডোনাল্ড ট্রাম্প


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

ইরান যুদ্ধ শেষের খুব কাছাকাছি, তবে অভিযান পুরোপুরি শেষ হয়নি বললেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ “শেষের খুব কাছাকাছি” পৌঁছে গেছে। তবে তিনি এটাও স্পষ্ট করেছেন যে মার্কিন বাহিনীর কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি।

গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার মনে হয় ইরান যুদ্ধ শেষের পথে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এই যুদ্ধ শেষের খুব কাছাকাছি পৌঁছে গেছে।”

তিনি আরও বলেন, “যদি এখনই আমরা ইরান থেকে সবকিছু গুটিয়ে নেই, তাহলে দেশ পুনর্গঠন করতে তাদের ২০ বছর লাগবে। আমরা এখনও অভিযান শেষ করিনি। আমরা দেখব কী হয়। আমার মনে হয় তারা খুবই আগ্রহ নিয়ে একটি চুক্তিতে আসতে চাইছে।”

ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে সামরিক অভিযান শুরু করে। টানা ৪০ দিনের সংঘর্ষের পর ৭ ফেব্রুয়ারি থেকে দুই পক্ষ ১৪ দিনের যুদ্ধবিরতিতে যায়।

এই যুদ্ধবিরতিকে স্থায়ী সমাধানের দিকে নিয়ে যেতে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানো। তবে প্রায় ২২ ঘণ্টা আলোচনা চললেও কোনো চুক্তি ছাড়াই শেষ হয় সেই বৈঠক।

তবুও প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, শিগগিরই ইসলামাবাদে আবারও দ্বিতীয় দফা আলোচনায় বসতে পারে দুই দেশের প্রতিনিধিরা।