এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬, ০৬:০৪ পিএম

ইরানের ইউরেনিয়াম কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের আরও ‘যুক্তিসঙ্গত’ অবস্থানে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একই সঙ্গে যুদ্ধ বন্ধ করে কূটনৈতিক পথে দুই দেশের মধ্যে চলমান মতপার্থক্য সমাধানের ওপরও জোর দিয়েছেন তিনি।
চীনে সফরে গিয়ে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ল্যাভরভ। সেখানে তিনি বলেন, “ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) কখনও বলেনি যে ইরান সামরিক উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। আমি আশা করি, যুক্তরাষ্ট্র এই বিষয়ে যুক্তিসঙ্গত অবস্থানে আসবে এবং মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করবে। কারণ এই যুদ্ধে শুধু ইরান নয়, যুক্তরাষ্ট্রের মিত্ররাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত কূটনৈতিক পথে ইরানের সঙ্গে বিরোধ নিষ্পত্তি করা। ল্যাভরভ জানান, “ওয়াশিংটন যদি কূটনৈতিকভাবে সমস্যা সমাধান করতে চায়, তাহলে রাশিয়া সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে।”
উল্লেখ্য, ইরানের কাছে বর্তমানে প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম রয়েছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ’র তথ্য অনুযায়ী, এই ইউরেনিয়ামের বিশুদ্ধতা প্রায় ৬০ শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, ইউরেনিয়ামের বিশুদ্ধতা ৯০ শতাংশে পৌঁছালে তা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব। কারণ পারমাণবিক বোমা তৈরির জন্য ন্যূনতম ৯০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়।
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে যে ইরান তাদের পরমাণু কর্মসূচির আড়ালে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। তবে তেহরান বারবারই এই অভিযোগ অস্বীকার করেছে।
পরমাণু কর্মসূচি ঘিরে চলমান এই দীর্ঘ বিরোধের জেরেই গত ২৮ এপ্রিল থেকে ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র।