এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬, ০৬:০৪ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনার বিষয়ে ইরানের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি।
গতকাল যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা নিয়ে মন্তব্য করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আগামী দুই দিনের মধ্যে ইসলামাবাদে দারুণ কিছু একটা ঘটতে পারে।”
ট্রাম্পের এই মন্তব্যের কয়েক ঘণ্টা পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ইরনা। তখন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনা বা বৈঠক নিয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
তবে ওই সূত্র আরও জানায়, সম্ভাব্য দ্বিতীয় বৈঠক নিয়ে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের সঙ্গে বার্তা আদান–প্রদান হয়েছে, কিন্তু এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সূত্রটি আরও দাবি করে, ইসলামাবাদে অনুষ্ঠিত আগের বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হলেও পাকিস্তান এখনো মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে ট্রাম্পের মন্তব্য নিয়ে এখন পর্যন্ত ইরান সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ঘিরে দীর্ঘদিনের বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হয়। প্রায় ৪০ দিন সংঘাত চলার পর ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ দিনের যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র ও ইরান।
এই যুদ্ধবিরতিকে স্থায়ী সমাধানের পথে নিতে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের সরকারি প্রতিনিধিরা বৈঠকে বসেন।
বৈঠকের মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে একটি স্থায়ী সমঝোতার দিকে অগ্রসর হওয়া।