ঢাকা, বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩
Logo
logo

লোহিত সাগরও বন্ধের হুঁশিয়ারি ইরানের, যুক্তরাষ্ট্রকে ঘিরে আরও বড় সংঘাতের আশঙ্কা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ এপ্রিল, ২০২৬, ০৬:০৪ পিএম

লোহিত সাগরও বন্ধের হুঁশিয়ারি ইরানের, যুক্তরাষ্ট্রকে ঘিরে আরও বড় সংঘাতের আশঙ্কা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই এবার লোহিত সাগর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। এর আগে হরমুজ প্রণালিতে নৌ-যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপের পর এবার পারস্য উপসাগর, ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগরেও বাণিজ্য পথ বন্ধ করার ইঙ্গিত দিল তেহরান।

বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এই নতুন হুমকি দেওয়া হয়।

বিবৃতিতে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড সেন্টারের প্রধান আলী আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র যদি নৌ-অবরোধ অব্যাহত রাখে এবং ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের জন্য নিরাপত্তাহীন পরিস্থিতি তৈরি করে, তাহলে সেটিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের সূচনা হিসেবে দেখা হবে।

তিনি আরও বলেন, “ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগরে কোনো ধরনের আমদানি বা রপ্তানি কার্যক্রম চলতে দেবে না।”

ইরানের সামরিক বাহিনীর এই হুঁশিয়ারি আসে এমন এক সময়, যখন হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলোতে যাতায়াত করা জাহাজের ওপর সোমবার থেকে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ কার্যকর হয়েছে।

অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালি থেকে ইরানের বন্দরে যাতায়াত করা নয়—এমন জাহাজের পথ তারা আটকাবে না।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহু প্রতীক্ষিত আলোচনা কোনো ফল না আসায় আন্তর্জাতিক বাজারে আবারও অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাবে অপরিশোধিত তেলের দাম আবার ব্যারেল প্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে।

সোমবার বাজার খোলার পর ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৭.৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ১০২.৩৭ ডলারে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েলের দাম ৮.৩ শতাংশ বেড়ে ১০৪.৫৬ ডলারে পৌঁছে।

বিশ্লেষকরা বলছেন, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অনিশ্চয়তা বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে তেলের দামে।

এদিকে আয়ারল্যান্ডে দেশব্যাপী বিক্ষোভের পর দেশটির মন্ত্রিসভা জরুরি বৈঠকে বসে পেট্রোল ও ডিজেলের ওপর কর কমানোর বিষয়েও আলোচনা করেছে।