ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ভারতীয় সিনেমার ইতিহাসে ঝড়! ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি একাই ৩০০০ কোটির ক্লাবে প্রবেশ করল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

ভারতীয় সিনেমার ইতিহাসে ঝড়! ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি একাই ৩০০০ কোটির ক্লাবে প্রবেশ করল

পরিচালক আদিত্য ধরের হাত ধরে রূপালি পর্দায় তৈরি হয়েছে এক অনন্য ইতিহাস। তার পরিচালিত ‘ধুরন্ধর ২’ ছবির সাফল্যের মধ্য দিয়ে এই ফ্র্যাঞ্চাইজি গড়েছে এক বিরল বিশ্বরেকর্ড। ‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর ২’—এই দুই সিনেমার সম্মিলিত বিশ্বব্যাপী আয় এখন ৩০০০ কোটি টাকার মাইলফলক ছাড়িয়ে গেছে।

এর মাধ্যমে প্রথম কোনো ভারতীয় চলচ্চিত্র সিরিজ হিসেবে এমন বিশাল সাফল্যের উচ্চতায় পৌঁছাল ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি। জিও স্টুডিওস এবং বি৬২ স্টুডিওস-এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন জ্যোতি দেশপান্ডে, আদিত্য ধর এবং লোকেশ ধর। প্রথম কিস্তির সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় কিস্তিও বক্স অফিসে দারুণ ঝড় তোলে।

২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ নিয়ে শুরুতে ইন্ডাস্ট্রিতে কিছুটা সংশয় থাকলেও মুক্তির পরই ছবিটি দর্শকদের অভূতপূর্ব সাড়া পায়। আলোচনার ঝড় ও দর্শকপ্রিয়তায় এটি দ্রুতই বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করে।

স্পাই-অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি হিন্দি বক্স অফিসে ৮৪০ কোটি টাকার নেট (১০০০ কোটির বেশি গ্রস) আয় করে সর্বোচ্চ আয়কারী ছবির তালিকায় জায়গা করে নেয়। সব মিলিয়ে বিশ্বব্যাপী ১৩০০ কোটি টাকার বেশি আয় করে এটি ভারতের সর্বকালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত হয়।

প্রথম ছবির রেশ কাটতে না কাটতেই মাত্র চার মাসের ব্যবধানে মুক্তি পায় ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। রণবীর সিং অভিনীত এই অ্যাকশন-প্যাকড সিক্যুয়েলটি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ছবিটি ইতোমধ্যেই বিশ্বব্যাপী ১৭০০ কোটি টাকার বেশি আয় করেছে এবং ভারতের বক্স অফিসে একক ভাষায় ১০০০ কোটি নেট আয় করা সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে।