এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দখলদার ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) মধ্যরাত থেকে এই যুদ্ধবিরতি শুরু হয়।
এই যুদ্ধবিরতির পরপরই হিজবুল্লাহর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গোষ্ঠীটিকে সংযত ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমি আশা করি, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে হিজবুল্লাহ সংযত এবং শোভন আচরণ করবে। তারা যদি তা করতে পারে, তবে এটি তাদের জন্য একটি দারুণ সুযোগ হয়ে আসবে।”
তিনি আরও বলেন, “আর কোনো হত্যাকাণ্ড নয়। এবার অবশ্যই চূড়ান্ত শান্তি প্রতিষ্ঠিত হতে হবে!”
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই বার্তাকে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা, যেখানে সাময়িক যুদ্ধবিরতির পর স্থায়ী শান্তির সম্ভাবনা তৈরি হয়েছে।