ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ইরান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ট্রাম্পের পোস্ট, ইস্টার সানডেতে ক্ষোভে ফুঁসছেন খ্রিষ্টান নেতারা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ পিএম

ইরান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ট্রাম্পের পোস্ট, ইস্টার সানডেতে ক্ষোভে ফুঁসছেন খ্রিষ্টান নেতারা

ইরানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সামাজিক মাধ্যম পোস্ট ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তার ভাষা ও সময়—দুটো নিয়েই উঠেছে তীব্র সমালোচনা।

গত ২ এপ্রিল ইরান যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫-ই যুদ্ধবিমান ভূপাতিত করে। এরপর দুই দিন পর মার্কিন বিশেষ বাহিনী অভিযান চালিয়ে ওই বিমানের পাইলট ও আরেক ক্রুকে উদ্ধার করে।

এই উদ্ধার অভিযানের পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি ইরানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করেন এবং একই সঙ্গে আল্লাহর নামও উল্লেখ করেন।

আরও বিতর্কের বিষয় হলো, যেদিন তিনি এই পোস্টটি করেন, সেদিন ছিল ইস্টার সানডে—খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র একটি দিন।

এই দিনে এমন মন্তব্য ও ভাষা ব্যবহারে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন জায়গার খ্রিষ্টান নেতারা ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন। তাদের মতে, একজন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে এমন আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ওই পোস্টের পর একাধিক খ্রিষ্টান নেতা হোয়াইট হাউসে যোগাযোগ করে তাদের আপত্তির কথা জানান।

তাদের দাবি, পবিত্র দিনের গুরুত্ব বিবেচনায় রেখে আরও দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল। বিশেষ করে একই পোস্টে গালাগালি এবং ধর্মীয় উল্লেখ একসঙ্গে থাকায় বিষয়টি আরও সংবেদনশীল হয়ে ওঠে।

প্রতিবেদনে আরও বলা হয়, ওই পোস্টে ট্রাম্প শুধু ইরানকে উদ্দেশ্য করে কঠোর মন্তব্যই করেননি, বরং হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবিও জানান।