ঢাকা, বুধবার, এপ্রিল ২২, ২০২৬ | ৯ বৈশাখ ১৪৩৩
Logo
logo

আমেরিকার সমর্থন হারানোর ভয়! ইসরায়েলের সামনে সবচেয়ে বড় সংকটের ইঙ্গিত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৬, ০২:০৪ পিএম

আমেরিকার সমর্থন হারানোর ভয়! ইসরায়েলের সামনে সবচেয়ে বড় সংকটের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে ইসরায়েলের জনপ্রিয়তা দ্রুত কমে যাওয়া এখন দেশটির জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করেছে ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ ।

সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ওয়াশিংটনের দীর্ঘমেয়াদি সমর্থন ধরে রাখতে হলে এই পরিবর্তনশীল জনমতকে ইসরায়েলকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন জনগণের মধ্যে যদি ইসরায়েলবিরোধী মনোভাব এভাবে বাড়তেই থাকে, তাহলে ভবিষ্যতে দেশটি বড় ধরনের কৌশলগত সংকটে পড়তে পারে। বিষয়টি উঠে এসেছে মিডল ইস্ট আইয়ের এক বিশেষ প্রতিবেদনে।

পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপের উদ্ধৃতি দিয়ে INSS জানায়, বর্তমানে ৬০ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরায়েলকে নেতিবাচকভাবে দেখে, যা গত বছরের ৫৩ শতাংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

বিশেষ করে ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে প্রায় ৭৫ শতাংশ ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করছে। ৩০ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যেও এই হার ৬৭ শতাংশে পৌঁছেছে।

রাজনৈতিক বিভাজনের দিক থেকেও পরিস্থিতি ইসরায়েলের জন্য উদ্বেগজনক। জরিপ অনুযায়ী, ৮০ শতাংশ ডেমোক্র্যাট এবং ৪১ শতাংশ রিপাবলিকান ইসরায়েলের প্রতি বিরূপ অবস্থানে রয়েছে। এমনকি ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত শ্বেতাঙ্গ ইভানজেলিকাল খ্রিস্টানদের মধ্যেও ৫০ বছরের কম বয়সীদের বড় একটি অংশ এখন ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিচ্ছে।

ইসরায়েলি এই থিঙ্ক ট্যাঙ্ক মনে করছে, গাজায় চলমান পরিস্থিতি এবং ইরানের সঙ্গে উত্তেজনা এই জনমত পরিবর্তনকে আরও দ্রুততর করেছে। যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ ও অনেক রাজনীতিবিদ মনে করছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে এই সংঘাতগুলোকে আরও তীব্র করছেন।

এমনকি মার্কিন ইহুদি সম্প্রদায়ের মধ্যেও ইসরায়েলের প্রতি সমর্থন কমছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জে স্ট্রিটের এক জরিপ অনুযায়ী, ৭০ শতাংশ মার্কিন ইহুদি এখন ইসরায়েলকে শর্তহীন সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে।

মার্কিন সিনেটে সম্প্রতি ইসরায়েলের কাছে বোমা ও সামরিক বুলডোজার বিক্রির প্রস্তাব পুরোপুরি বাতিল না হলেও, বিপুল সংখ্যক ডেমোক্র্যাট সদস্য এর বিরুদ্ধে ভোট দিয়েছেন—যা ইসরায়েলের জন্য একটি বড় সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে মার্কিন জনমনে রাশিয়া, ইরান ও চীনের পরেই ইসরায়েল অন্যতম অজনপ্রিয় দেশের তালিকায় রয়েছে। INSS সতর্ক করে বলেছে, ইসরায়েলি নীতিতে পরিবর্তন না এলে এই নেতিবাচক ভাবমূর্তি দীর্ঘমেয়াদে স্থায়ী হয়ে যেতে পারে।