এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬, ০২:০৪ পিএম

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ইসরায়েলের মধ্যে বিদ্যমান সহযোগিতা চুক্তি স্থগিতের আহ্বান প্রত্যাখ্যান করেছে জার্মানি ও ইতালি। গাজায় চলমান যুদ্ধ, লেবানন সংঘাত এবং দখলকৃত পশ্চিম তীরে উত্তেজনা বাড়লেও তারা এই চুক্তি স্থগিতের পক্ষে অবস্থান নেয়নি।
লুক্সেমবার্গে অনুষ্ঠিত ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে স্পেন ও আয়ারল্যান্ড ২০০০ সালে স্বাক্ষরিত ওই সহযোগিতা চুক্তি স্থগিতের বিষয়টি আবারও উত্থাপন করে। তবে জার্মানি ও ইতালি এই প্রস্তাবের বিরোধিতা করে বিষয়টিকে কেবল কূটনৈতিক সংলাপের মধ্যেই সীমাবদ্ধ রাখার পক্ষে মত দেয়।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল বলেন, ইসরায়েলের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অবশ্যই প্রয়োজন, তবে তা হতে হবে সমালোচনামূলক হলেও গঠনমূলক সংলাপের মাধ্যমে। তার মতে, বর্তমান পরিস্থিতিতে চুক্তি স্থগিতের মতো পদক্ষেপ কোনোভাবেই সঠিক সমাধান নয়।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি একই অবস্থান তুলে ধরে জানান, এই মুহূর্তে চুক্তি স্থগিতের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। বরং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজার ওপর গুরুত্ব দেওয়া উচিত।
অন্যদিকে গাজায় চলমান যুদ্ধ এবং পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে ইউরোপের একাধিক দেশে উদ্বেগ ও সমালোচনা বাড়ছে। লেবাননের সাম্প্রতিক সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এই প্রেক্ষাপটে আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হেলেন ম্যাকএন্টি বলেন, ইউরোপীয় ইউনিয়নের উচিত কার্যকর পদক্ষেপ নেওয়া এবং নিজেদের মৌলিক মূল্যবোধ রক্ষা করা। তার মতে, মানবাধিকার পরিস্থিতি উপেক্ষা করা কোনোভাবেই সম্ভব নয়।