এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

মাঠে নেমেছিলেন প্রীতি ম্যাচ খেলতে। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পাঁচ মিনিটের মাথায় সবকিছু থমকে যায়। ফুটবলার অজ্ঞান হয়ে পড়েন মাঠেই। পরে করুণভাবে প্রাণ হারান তিনি। শুনুন নাইজেরিয়ার সাবেক তারকা মাইকেল এনেরামোর হৃদয়বিদারক গল্প।
৪০ বছর বয়সী নাইজেরিয়ার সাবেক ফরোয়ার্ড মাইকেল এনেরামো খেলতে খেলতে মাঠেই অজ্ঞান হন এবং পরে তার মৃত্যু হয়। নাইজেরিয়া ফুটবল ফেডারেশন এনএফএফ জানিয়েছে, সম্ভাব্য কারণ ‘হৃদরোগে আক্রান্ত’ হওয়া।
ঘটনাটি ঘটে শুক্রবার সকালে। কাদুনার উঙ্গওয়ান ইয়েলওয়ায় একটি প্রীতি ম্যাচ চলছিল। প্রথমার্ধে পুরোটা সময় ভালোই খেলেন এনেরামো। কিন্তু দ্বিতীয়ার্ধে নামার পরেই বিপর্যয়। এনএফএফ-এর বিবৃতি অনুযায়ী, ‘ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই সম্ভবত কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন এই ফুটবলার।’
এনএফএফ–এর সাধারণ সম্পাদক মোহাম্মেদ সানুসি ঘটনায় শোকাহত। তিনি বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক। এই মুহূর্তে আমি ভাষাহীন।’
আন্তর্জাতিক ফুটবলে এনেরামো খেলেছেন ১০টি ম্যাচ। তিউনিসিয়ায় ক্লাব ক্যারিয়ার ছিল সফল। সেখানে দেশটির নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা থাকলেও তিনি নাইজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন।
‘দ্য ট্যাঙ্ক’ নামে পরিচিত এই ফরোয়ার্ড এসপারেন্স স্পোর্টিভ ডি তিউনিস ক্লাবের হয়ে খেলাকালীন দলটিকে একাধিক শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন। এনএফএফ তাদের বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এ ছাড়া তিনি তুরস্কের ক্লাব সিভাসপোর, বেসিকতাস এবং ইস্তাম্বুল বাসাকসেহিরের হয়েও খেলেছেন।
২০০৯ সালের ফেব্রুয়ারিতে জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচে নাইজেরিয়ার হয়ে অভিষেক হয় এনেরামোর। আর তিন মাস পর আয়ারল্যান্ডের বিপক্ষে আরেক প্রীতি ম্যাচে তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলটি করেন।