ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
Logo
logo

টি-টোয়েন্টি সিরিজটি রোমাঞ্চকর হবে, দাবি টম ল্যাথামের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ এপ্রিল, ২০২৬, ০৬:০৪ পিএম

টি-টোয়েন্টি সিরিজটি রোমাঞ্চকর হবে, দাবি টম ল্যাথামের

ওয়ানডে সিরিজ হারের ব্যথা না ভুলতেই এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে যাচ্ছে নিউজিল্যান্ড দল। তার আগে আজ রোববার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে আসেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। সেখানে জানিয়েছেন রোমাঞ্চকর সিরিজের কথা।

ল্যাথাম বলেন, ‘আমাদের কাছে থাকা ফুটেজ থেকে আমরা দ্রুততম সময়ে তথ্য সংগ্রহ করার চেষ্টা করি। তবে মাঝমাঠে গিয়ে একে অপরের সাথে দ্রুত যোগাযোগ করাটাও খুব জরুরি। আমি মনে করি, এটি দুই দলের জন্যই রোমাঞ্চকর হবে। আমাদের দলেও এমন কিছু খেলোয়াড় আছে যারা খুব বেশি খেলেনি, তেমনি বাংলাদেশ দলেও এমন খেলোয়াড় আছে- যাদের এখনও অভিষেক হয়নি। তাই সামনের সিরিজটি বেশ রোমাঞ্চকর হবে।’

‘আমরা খেলোয়াড়দের কিছু ফুটেজ দেখেছি। আমরা জানি এমন কিছু খেলোয়াড় আছে যাদের এই ফরম্যাটে এখনও অভিষেক হয়নি। যখন আপনার কাছে এমন খেলোয়াড়দের সম্পর্কে খুব বেশি তথ্য থাকে না, যাদের আপনি আগে দেখেননি। তখন আপনাকে দ্রুত মানিয়ে নিতে হয়।’
কিউইরা এই সিরিজ ভালো করতে মুখিয়ে রয়েছে জানিয়ে ল্যাথাম বলেন, ‘আমাদের অনেকে এখন বিশ্বজুড়ে খেলে বেড়াচ্ছে। সবাই টি-টোয়েন্টি পছন্দ করে। এই ফরম্যাটে বেশ অভিজ্ঞ তারা। এই সিরিজে ভালো করতেও ছেলেরা মুখিয়ে আছে।’

‘একজন ক্রিকেটারই এই ফরম্যাটে ম্যাচ ছিনিয়ে নিতে পারে। ফরম্যাট যত বড়, ম্যাচ পরিবর্তন করতে তত বেশি সময় লাগে। কিন্তু এটা তো টি-টোয়েন্টি। কয়েক ওভার, কয়েক বলে খেলা ঘুরে যেতে পারে। টি-টোয়েন্টি ম্যাচ উইনারদের খেলা।’