এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ০৬:০৪ পিএম

ম্যানচেস্টার সিটির কাছে হারের ক্ষত কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্সেনাল। শনিবার এমিরেটস স্টেডিয়ামে নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে আবারও প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মিকেল আর্তেতার দল। এই জয়ের পর ডেক্লান রাইসের জানালেন, শিরোপা জয়ের কাজ এখনও শেষ হয়নি।
রাইস বলেন, ‘গত সপ্তাহে হারের পর আমরা বলেছিলাম, প্রিমিয়ার লিগ জিততে হলে আমাদের বাকি পাঁচটি ম্যাচ জিততে হবে। এর মধ্যে একটি জেতা হলো, বাকি রইল আরও চারটি।’
ম্যাচের একমাত্র গোলটি আসে এবেরেচি এজির পা থেকে। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে নিউক্যাসলের জাল বল জড়ান তিনি। ২০২২-২৩ মৌসুমের শুরু থেকে এ পর্যন্ত বক্সের বাইরে থেকে মোট ১০টি গোল করেছেন এজি। যা প্রিমিয়ার লিগের অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।
নিউক্যাসলের বিপক্ষে এই জয়কে কোচ আর্তেতা গেম ওয়ান হিসেবে অভিহিত করেছেন। কারণ সিটির কাছে হারের পর বাকি ৫টি ম্যাচকে একটি নতুন লিগ হিসেবে দেখছে আর্সেনাল
শনিবার রাতের জয়ের পর আর্সেনাল ম্যানচেস্টার সিটির চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে রয়েছে। তবে সিটি তাদের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে। আগামী ৪ মে এভারটনের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। তার আগে আর্সেনাল যদি ফুলহ্যামকে হারাতে পারে, তবে ব্যবধান দাঁড়াবে ৬ পয়েন্টে।
অপ্টার পরিসংখ্যান অনুযায়ী, বর্তমান প্রেক্ষাপটে আর্সেনালের শিরোপা জেতার সম্ভাবনা এখন ৭২.৪৪ শতাংশ, যেখানে সিটির সম্ভাবনা দেখানো হয়েছে ২৭.৫৬ শতাংশ।
তবে নিউক্যাসলের বিপক্ষে জয়ের পরও আর্তেতার কপালে দুশ্চিতার ভাঁজ ফেলেছে চোট। ম্যাচের প্রথমার্ধে কাই হাভার্টজ এবং দ্বিতীয়ার্ধে এজি ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। আর অসুস্থতার কারণে পুরো সময় খেলতে পারেননি মার্টিন জুবিমেন্ডিও।