ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
Logo
logo

বছরজুড়ে যুদ্ধ চলবেই! ইসরাইলি সেনাপ্রধানের বিস্ফোরক ঘোষণা, ২০২৬ নিয়েও ভয়াবহ সতর্কতা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

বছরজুড়ে যুদ্ধ চলবেই! ইসরাইলি সেনাপ্রধানের বিস্ফোরক ঘোষণা, ২০২৬ নিয়েও ভয়াবহ সতর্কতা

চলতি বছর অর্থাৎ ২০২৬ সালেও ইসরাইলি সেনাবাহিনীকে একাধিক ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যেতে হবে বলে সতর্ক করেছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। খবরটি প্রকাশ করেছে আল আরাবিয়া।

সোমবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে ইসরাইলি সেনাপ্রধান বলেন, “২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি সেনাবাহিনী একটি চলমান বহুমুখী সামরিক অভিযানে জড়িত রয়েছে। ২০২৬ সালও সম্ভবত এসব ফ্রন্টে যুদ্ধের বছর হিসেবেই কাটবে।”

তিনি এই বক্তব্যে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনাকেও উল্লেখ করেন, যা মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতকে আরও জটিল করে তুলেছে।

ইয়াল জামির আরও বলেন, সামনের দিনগুলোতে বাড়তে থাকা সামরিক চাহিদা মোকাবিলায় দ্রুত আরও সেনা নিয়োগের প্রয়োজন রয়েছে।

তার ভাষায়, “আগামী বছরগুলোতে আইডিএফের ওপর যে বাড়তি দায়িত্ব আসছে, তা সামাল দিতে ইসরাইলের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো সেনাসদস্য ও যোদ্ধার সংখ্যা বৃদ্ধি করা।”

এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। চলমান সংঘাত যে সহজে থামছে না, সেনাপ্রধানের এই বক্তব্য সেটাই আরও স্পষ্ট করেছে।