ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
Logo
logo

কেডি: দ্য ডেভিল’ গান বিতর্কে ক্ষমা চাইলেন সঞ্জয় দত্ত, নিলেন বড় সামাজিক দায়িত্ব


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৬, ০৫:০৪ পিএম

কেডি: দ্য ডেভিল’ গান বিতর্কে ক্ষমা চাইলেন সঞ্জয় দত্ত, নিলেন বড় সামাজিক দায়িত্ব

বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত আবারও আলোচনায়। তবে এবার কোনো নতুন সিনেমার সাফল্য নয়, বরং একটি গান ঘিরে তৈরি হওয়া বিতর্কের কারণে তাকে ক্ষমা চাইতে হয়েছে।

‘সরকে চুনর তেরি সরকে’ গানটি নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ার পর সোমবার (২৭ এপ্রিল) নারী কমিশনের সামনে সশরীরে হাজির হন এই ‘খলনায়ক’ খ্যাত তারকা।

আসন্ন সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’-এর হিন্দি ভার্সনের এই গানে অশালীন শব্দ ব্যবহারের অভিযোগ ওঠে। বিষয়টি সামনে আসার পর মহিলা কমিশন ছবির সংশ্লিষ্টদের তলব করে। সেই অনুযায়ী সোমবার কমিশনের সামনে হাজির হয়ে সঞ্জয় দত্ত লিখিতভাবে ক্ষমা চান।

লিখিত বক্তব্যে তিনি জানান, সমাজের কোনো ক্ষতি করা বা কাউকে আঘাত করার কোনো ইচ্ছা তার ছিল না।

শুধু ক্ষমা চাওয়াতেই থেমে থাকেননি সঞ্জয় দত্ত। নিজের দায়বদ্ধতা থেকে তিনি ঘোষণা দেন, সমাজকল্যাণ ও নারী ক্ষমতায়নের অংশ হিসেবে ৫০ জন আদিবাসী শিশুকন্যার শিক্ষার সম্পূর্ণ ব্যয়ভার তিনি বহন করবেন। পাশাপাশি ভবিষ্যতে চলচ্চিত্র বা যেকোনো সৃজনশীল কাজে নারী ও শিশুদের মর্যাদা রক্ষায় আরও সতর্ক থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।

অন্যদিকে এই ঘটনায় জড়িত আরেক তারকা নোরা ফতেহি ওইদিন কমিশনের সামনে উপস্থিত হতে পারেননি। জানা গেছে, তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন এবং পরবর্তী শুনানির জন্য সময় চেয়েছেন।

এর আগে ৭ এপ্রিল প্রথম শুনানিতে ছবির পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেই সময় তারা দাবি করেছিলেন, গানের কথার সম্ভাব্য নেতিবাচক দিক তারা বুঝতে পারেননি। তবে কমিশন সেই ব্যাখ্যা গ্রহণ করেনি।

পরবর্তীতে নির্মাতারা লিখিতভাবে ক্ষমা চেয়ে স্বীকার করেন যে, গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে।