এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬, ০২:০৪ পিএম

ইরানে যুদ্ধ আর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ায় আমেরিকায় জ্বালানি গ্যাস ও পেট্রোলের দাম লাফিয়ে বেড়েছে। বর্তমানে দেশটিতে প্রতি গ্যালন (৩.৭৮ লিটার) গ্যাসোলিন বিক্রি হচ্ছে গড়ে ৪ ডলার ১৮ সেন্টে। এই দাম গত চার বছরের মধ্যে সবচেয়ে বেশি!
শেষবার আমেরিকায় গ্যাসের দাম ৪ ডলার ছাড়িয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারিতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার ঠিক পরে। তখন প্রতি গ্যালন গ্যাস বিক্রি হয়েছিল ৪ ডলার ১৫ সেন্টে। আর মাত্র এক বছর আগেও এই দাম ছিল ৩ ডলার ১৫ সেন্ট। মানে, এক বছরের ব্যবধানে বাড়ল এক ডলারের বেশি!
কিন্তু সব জায়গায় দাম কি সমান? একদম না! টেক্সাসের মতো যেসব রাজ্যে তেল বা গ্যাসের খনি আছে, সেখানে প্রতি গ্যালন গ্যাসোলিন পড়ছে ৩ ডলার ৭৮ সেন্ট। আর ক্যালিফোর্নিয়ার মতো যেসব রাজ্যে খনি নেই, সেখানে দাম ছুঁয়েছে ৫ ডলার ৯৬ সেন্ট! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
কেন এত দাম বেড়েছে? মূল কারণ ইরানের হরমুজ প্রণালিতে অবরোধ। বিশ্বের এক-পঞ্চমাংশ জ্বালানি পণ্য এই প্রণালি দিয়ে যাতায়াত করে। যুদ্ধ শুরুর আগে এখানে প্রতিদিন ১২০ থেকে ১৪০টি বাণিজ্যিক জাহাজ চলাচল করত। এখন ইরানি অবরোধের জেরে দিনে গড়ে ৮ থেকে ১০টির বেশি জাহাজ চলতে পারছে না। ফলে সরবরাহ কমে গেছে, বাড়ছে দামের চাপ।
সহজ ভাষায় বললে, ইরান-ইসরায়েল-আমেরিকা এই ত্রিমুখী উত্তেজনাই এখন আমেরিকার সাধারণ মানুষের পকেটে আঘাত হেনেছে। পেট্রোলের দাম বাড়ায় বেড়েছে যাতায়াত খরচ, বাড়তি দাম গুনতে হচ্ছে সবাইকে।