এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬, ০২:০৪ পিএম

প্রাণঘাতী হেপাটাইটিস বি ও সি ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার বেশ কমে গেছে সারা বিশ্বে। ২০২৫ সালের হিসাবে হেপাটাইটিস বি আক্রান্তের হার কমেছে ৩২ শতাংশ। অন্যদিকে হেপাটাইটিস সি সংক্রমণজনিত মৃত্যুর হার কমেছে ১২ শতাংশ।
এ যেন স্বস্তির খবর! বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তাদের ‘গ্লোবাল হেপাটাইটিস রিপোর্টে’ এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বে হেপাটাইটিস বি ও সি আক্রান্ত হয়েছিলেন ১৮ লাখ মানুষ। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছিল ১৩ লাখ ৪০ হাজার জনের।
শিশুদের ক্ষেত্রেও আশার আলো দেখাচ্ছে এই প্রতিবেদন। ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের হেপাটাইটিসে আক্রান্ত হওয়ার হার এখন ০.৬ শতাংশ। আগামী ২০৩০ সালের মধ্যে এই হার আরও কমে ০.১ শতাংশে নেমে আসবে বলে আশা প্রকাশ করেছে ডব্লিউএইচও।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, “বিভিন্ন দেশ প্রমাণ করে দিয়েছে যে হেপাটাইটিস নির্মূল করা স্বপ্ন নয়, বাস্তব সম্ভাবনা। সরকারের রাজনৈতিক ইচ্ছাশক্তি থাকলে এবং পর্যাপ্ত অর্থ জোগান দিলেই এই রোগ পুরোপুরি নির্মূল করা যাবে।”
তবে তিনি এও স্বীকার করেছেন যে এখনও অনেক দেশ ধীর গতিতে কাজ করছে। পরিস্থিতির উন্নতিতে আরও দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি।
স্বস্তির এই খবরের মাঝেও আছে এক চিন্তার বিষয়। যারা দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি বা সি-তে ভুগছেন, তাদের খুব অল্প অংশই সঠিক চিকিৎসা পাচ্ছেন। ২০২৪ সালে বিশ্বে দীর্ঘস্থায়ী হেপাটাইটিসে আক্রান্ত হয়েছিলেন ২৮ লাখ ৭০ হাজার মানুষ। কিন্তু তাদের মধ্যে মাত্র ৫ শতাংশ নিয়মিত ও যথাযথ চিকিৎসা নিতে পেরেছেন।
মানে, সঠিক চিকিৎসা পৌঁছে দেওয়ার ব্যাপারেই এখন সবচেয়ে বেশি জোর দিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।