এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬, ০২:০৪ পিএম

ফের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান। তোপের মুখে ফিলিস্তিনিরা। বুধবার সেখানে চালানো অভিযানে অন্তত ১৪ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এমনটাই জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।
কোথায় কোথায় এই অভিযান চলল? এক নজরে দেখে নিন। কালকিলিয়ার পূর্বে কাফর কাদ্দুম শহরে অভিযান চালিয়ে তিন ভাই ও তাদের পরিবারের আরেক সদস্যকে আটক করা হয়। আবার তুলকারেমের পূর্বে ইকতাবা এলাকায় ভোরে বাড়িতে ঢুকে দুজনকে ধরা হয়। তাদের মধ্যে একজন আবার সাবেক বন্দি। আর হেবরনের বেইত উম্মার এলাকায় পৃথক অভিযানে আটক হয়েছেন আরও ৮ জন।
শুধু আটকই নয়, পশ্চিম তীরের উত্তরাঞ্চলে চলাচলের ওপর বাড়তি কড়াকড়ি আরোপ করেছে ইসরায়েলি বাহিনী। রামাল্লার উত্তরে আতারা ও আইন সিনিয়া চেকপয়েন্টে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ক্ষুব্ধ বাসিন্দাদের দিকে কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
এতে সড়কে আটকে পড়ে শত শত যানবাহন। স্থানীয় সূত্র বলছে, সিলওয়াদ ও দেইর জারির এলাকার প্রবেশদ্বারও দুই দিক থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা করছেন অনেকে।