এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬, ০২:০৪ পিএম

ইরান যাতে কখনোই পরমাণু অস্ত্র বানাতে না পারে—এই ব্যাপারে ব্রিটেনের রাজা চার্লস তাঁর সঙ্গে পুরোপুরি একমত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৮ এপ্রিল) হোয়াইট হাউসে রাজা চার্লসের সম্মানে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে এমনটাই জানিয়েছেন ট্রাম্প।
প্রসঙ্গত, ওই দিনই যুক্তরাষ্ট্র সফররত রাজা তৃতীয় চার্লস মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন। একই দিনে হোয়াইট হাউসে ওই নৈশভোজে অংশ নেন তিনি। সেখানেই ইরান পরিস্থিতি নিয়ে মুখ খোলেন ট্রাম্প।
হোয়াইট হাউসের অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “ইরান যাতে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, সে ব্যাপারে রাজা চার্লস আমার সঙ্গে পুরোপুরি একমত।”
বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে তাঁর প্রশাসন কাজ করছে জানিয়ে ট্রাম্প দাবি করেন, সেখানকার অবস্থা ‘খুবই ইতিবাচক’ দিকে যাচ্ছে।
ট্রাম্প ইরানকে প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে আরও বলেন, “আমরা সামরিকভাবে ওই নির্দিষ্ট প্রতিপক্ষকে পরাজিত করেছি। আমরা কখনোই তাদের পরমাণু অস্ত্র হাতে পেতে দেব না।”
অন্যদিকে কংগ্রেসে দেওয়া ভাষণে রাজা চার্লস জানান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব আগের যে কোনো সময়ের চেয়ে এখন ‘বেশি গুরুত্বপূর্ণ’।
রাজা আরও বলেন, তিনি তাদের রাজপরিবারের ১৯তম শাসক, যিনি নিয়মিত যুক্তরাষ্ট্রের নানা বিষয় নিয়ে খোঁজখবর রাখেন।
“তাই যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতি গভীর সম্মান জানিয়েই আমি আজ এখানে এসেছি। এটি এমন একটি জায়গা, যেখানে যুক্তরাষ্ট্রের সব মানুষের কথা ফুটে ওঠে এবং তাদের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা হয়,” বলেছেন ব্রিটিশ রাজা।